জেলা প্রতিনিধি
ভোলা সদর মডেল থানার একটি চাঁদাবাজি মামলায় দুই সমন্বয়ককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার নথি (মামলা নং-২৪, তারিখ ১৭/০৯/২০২৫ খ্রিঃ, জিআর-৪৪৪/২৫ খ্রিঃ, ধারা-৩৮৫/৩৮৬/৫০৬ পেনাল কোড) অনুযায়ী, জনৈক মো. শেখ ফরিদের (৭৪) নাতি মো. জিতুকে আসামির তালিকা থেকে বাদ দেওয়ার কথা বলে, থানা ম্যানেজের আশ্বাসে ২ লাখ টাকা দাবি করেন মো. রাকিব হোসেন (৩০) ও হাসান মোনতাছির রহমান (২০)।
গ্রেপ্তারকৃতরা জাতীয় ছাত্রসমাজ (আন্দালিব রহমান পার্থর ছাত্রসংগঠন) ও ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত। এছাড়া দুজনই জুলাই রেভ্যুলশনারি অ্যালায়েন্স নামক সংগঠনের সাথে জড়িত বলে জানা গেছে।
রাকিব এই সংগঠনের যুগ্ন-আহবায়ক এবং মুন্তাসির সংগঠনটির সিনিয়র সদস্য সচিব বলে জানা গেছে।
এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা একাধিকবার বাদীর বাড়িতে গিয়ে টাকা আদায়ের জন্য চাপ সৃষ্টি করে। একপর্যায়ে বাদী শেখ ফরিদ তার ছেলে মজিবুর রহমানকে সাথে নিয়ে ভোলা পৌরসভার ২নং ওয়ার্ডস্থ হোটেল নিরালায় প্রথমে ১ লাখ ৫০ হাজার টাকা এবং পরে বাড়িতে এসে আরও ১০ হাজার টাকা দেন। পরবর্তীতে আরও টাকা দাবি করলে বাদীর সন্দেহ হয় এবং তিনি থানায় এজাহার দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি রাকিব ও মোনতাছিরকে গ্রেপ্তার করেন এবং তাদের নিকট থেকে চাঁদাবাজির ২০ হাজার টাকা উদ্ধার করেন।
পুলিশ জানায়, মামলাটি তদন্তাধীন রয়েছে।
