বাড়ি থেকে ডেকে নিয়ে মামা-ভাগ্নের রগ কেটে, জবাই করে হত্যা

বাড়ি থেকে ডেকে নিয়ে মামা-ভাগ্নের রগ কেটে, জবাই করে হত্যা
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সশস্ত্র হামলায় মামা ও ভাগ্নেকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

গতকাল ৯ই সেপ্টেম্বর, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—ওই গ্রামের মৃত হামের সর্দারের ছেলে সারফান সর্দার (৫০) এবং তার ভাগ্নে মৃত বিছার সর্দারের ছেলে বাইজিদ সর্দার (৩৫)। আহত চারজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে প্রতিপক্ষের কয়েকজন সারফান সর্দারকে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের একটি বাঁশবাগানে নিয়ে যায়। সেখানে তাকে পায়ের রগ কেটে ও গলা কেটে হত্যা করা হয়।

খবর পেয়ে বাইজিদ সর্দারসহ তার পক্ষের লোকজন ঘটনাস্থলে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন বাইজিদ। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নিহত সারফান সর্দারের মেয়ে মিম খাতুন অভিযোগ করে বলেন, “রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পাশের একটি বাঁশবাগানে আমার বাবাকে পা কেটে ও গলা কেটে হত্যা করা হয়েছে।”

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে ৩–৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

Visited 42 times, 1 visit(s) today