সশস্ত্র বাহিনীর অবমাননা ও পরমতসহিষ্ণুতার অভাব: এনসিপি ছাড়লেন দুই সাবেক সেনা কর্মকর্তা

সশস্ত্র বাহিনীর অবমাননা ও পরমতসহিষ্ণুতার অভাব: এনসিপি ছাড়লেন দুই সাবেক সেনা কর্মকর্তা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি থেকে পদত্যাগ করেছেন দলের দুই সাবেক সেনা কর্মকর্তা।

আজ ১০ই সেপ্টেম্বর, বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তারা পদত্যাগের ঘোষণা দেন। এর আগে এনসিপির আহ্বায়কের কাছে পদত্যাগপত্র জমা দেন দুজন।

পদত্যাগকারী হলেন—দলের যুগ্ম মুখ্য সংগঠক মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ এবং কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) মো. সালাউদ্দিন।

সংবাদ সম্মেলনে মেজর (অব.) আবদুল্লাহ আল মাহমুদ অভিযোগ করে বলেন, দলের সিনিয়র নেতারা নিয়মিত সেনাবাহিনী ও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বিরুদ্ধে “অবমাননাকর মন্তব্য” করে আসছেন। বিষয়টি একাধিকবার জানানো হলেও কোনো সমাধান মেলেনি।

তিনি বলেন, “এনসিপিতে নিজস্ব বলয় তৈরি হয়েছে। এর বাইরে কোনো মত শোনার মানসিকতা নেই। এমনকি সাবেক সেনা সদস্যদের দল থেকে শূন্য করে দেয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এই পরিবেশে আর কাজ করা সম্ভব নয়।”

মেজর (অব.) আবদুল্লাহ আরও বলেন, “রাজনৈতিক দলে যদি পরমতসহিষ্ণুতা না থাকে তবে সেই দল দীর্ঘ পথ চলতে পারে না।”

তিনি যোগ করেন, “নিজেদের পছন্দসই কাজ করে, অন্যদের দলে কোনো ভূমিকা রাখতে দিতে চায় না। তাই সরে যাচ্ছি। আমরা দুজনই সাবেক সেনা সদস্য এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বে ছিলাম, এখন আমরা আর থাকছি না। এখানে কাজ করার মতো অবস্থা নেই।”

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, “আমরা রাজনৈতিক অভিলাষ নিয়ে এনসিপিতে যোগ দিইনি, বরং দেশের জন্য নতুন পরিসরে কাজ করার প্রত্যাশায় এসেছিলাম। কিন্তু গণতান্ত্রিক চর্চার অভাব ও ভিন্নমতের প্রতি অসম্মান আমাদের হতাশ করেছে।”

তিনি অভিযোগ করে বলেন, “সশস্ত্র বাহিনীর সদস্যদের অসম্মানজনক মন্তব্য সহ্য করা এবং নেতৃত্বের সংকীর্ণ মানসিকতা মেনে নেয়া আর সম্ভব নয়। তাই আজ থেকে এনসিপির সঙ্গে আমাদের আর কোনো সম্পৃক্ততা থাকছে না।”

তবে এই দুই সাবেক সেনা কর্মকর্তার পদত্যাগ নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

আহমদ শফিক নাকে একজন রাজনীতি বিশ্লেষক বলেন, এমন সাবেক ও বরখাস্তকৃত সেনাসদস্যরাই গত জুলাই-আগস্টের সরকারবিরোধী আন্দোলনে গুপ্ত হত্যায় জড়িত ছিলেন। তারা এখন নতুন কোনো অ্যাসাইনমেন্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন অথবা দেশ ছাড়তে চাইছেন, তাই এই পদত্যাগ নাটক করছেন।

Visited 15 times, 1 visit(s) today