❐ নিজস্ব প্রতিবেদক
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, গণেশচন্দ্র রায় সাহস। সে লুঙ্গির আড়ালে লুকিয়ে থাকা বিপ্লবী নয়। তার নামের মতোই তার কলিজা সাহসে ভরপুর। সাহস জুলাইয়ের প্রতিচ্ছবি, সাহস বাংলাদেশের প্রতিচ্ছবি।
ফেসবুক পোস্টে বিএনপি নেত্রী এমন প্রশংসা করেন। সেখানে জুলাইয়ে আওয়ামী লীগ সরকারে বিরুদ্ধে সহিংস হামলা চালানো অবস্থায় রাজপথে থাকা গণেশের একটি ছবিও পোস্ট করেন।
গতকাল মঙ্গলবার ডাকসু নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমদ খানের সঙ্গে ছাত্রদলের নেতৃবৃন্দ সাক্ষাৎ করে। এতে বাদানুবাদের অভিযোগে নতুন করে আলোচনায় আসেন গণেশচন্দ্র রায় সাহস।
সাহসকে নিয়ে জামায়াতের কয়েকজন নেতা ফেসবুকে সমালোচনা করেন। এনসিপির (উত্তরাঞ্চল) মুখ্য সমন্বয়ক সারজিস আলমও সমালোচনা করেছেন সাহসের। এরপরই নিপুণ সাহসের পাশে দাঁড়ালেন।
নিপুণ বলেন, সাহস অন্যায় করেনি, বরং অন্যায়ের প্রতিবাদ করেছে। এজন্য সে কখনো পিছু হটেনি। হাসিনার আমলে রাজপথে থেকে আন্দোলন করেছে, মামলা-হামলার শিকার হয়েছে, জেল খেটেছে। সে লুঙ্গির নিচে লুকিয়ে কৌশল করে আন্দোলন করেনি।
সাহসের ভূমিকা ঢাকা বিশ্ববিদ্যালয় মনে রাখবে বলে মনে করেন নিপুণ।
তিনি আরও বলেন, সাহস হঠাৎ উড়ে এসে জুড়ে বসা নেতা নয়। ১৬ বছর রাজপথে লড়াই করেছে, জাতীয়তাবাদী নিবেদিতপ্রাণ সৈনিক সে। প্রিয় গণেশচন্দ্র রায় সাহস, ঢাকা বিশ্ববিদ্যালয় যুগ যুগ ধরে তোমার প্রতিবাদী ভূমিকা স্মরণ করবে।
