❐ জেলা প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে ছাত্রলীগ আখ্যা দিয়ে জাহেদুল আলম উজ্জ্বল (২৫) নামে এক ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ করেছে প্রতিপক্ষ বিএনপির নেতাকর্মীরা।
গতকাল মধ্যরাতে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সোনাগাজী থানায় কোনো মামলা না থাকায় তাকে বুধবার দুপুরে ফেনী থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা গেছে, সোনাগাজী পৌরসভার হাওয়ায় রোডে জমিজমা নিয়ে চরছান্দিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা ইমাম হোসেনের সাথে বাজারের ব্যবসায়ী উজ্জ্বলের বিরোধ চলছিল। এরই জেরে মঙ্গলবার তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে মধ্যরাতে বাড়িতে অভিযান চালিয়ে ছাত্রলীগ কর্মী দাবি করে উজ্জ্বলকে আটক করে সোনাগাজী থানা পুলিশ।
উজ্জ্বল সোনাগাজী পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের প্রয়াত চাল ব্যবসায়ী দেলোয়ার হোসেনের ছেলে। পিতার মৃত্যুর পর তিনি চাল ব্যবসা করে আসছেন।
গ্রেপ্তারের বিষয়ে সোনাগাজী থানার ওসি বায়েজিদ আকনের দাবি, উজ্জ্বল ছাত্রলীগ নেতা, জুলাইয়ের ঘটনায় তার সম্পৃক্ততা রয়েছে, তাই তাকে আটক করা হয়েছে।
তার নামে সোনাগাজী থানায় মামলা না থাকায় তাকে ফেনী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
তবে উজ্জ্বলের ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ততার স্বপক্ষে কোন প্রমাণ দিতে পারেননি ওসি।
উজ্জ্বলের মা আরবের নেছা বলেন, আমার ছেলে তার বাবার মৃত্যুর পর থেকে পারিবারিক প্রতিষ্ঠান চালের ব্যবসা করে আসছে। কোনো রাজনৈতিক দলের সাথে তার সম্পর্ক নেই, মামলাও নেই। চরছান্দিয়ার ছাত্রদলের নেতা ইমামের সাথে জমি নিয়ে বিরোধ আছে। ওই ঘটনায় তাকে ছাত্রলীগ বলে পুলিশকে ম্যনেজ করে মঙ্গলবার গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, রাতে কিছু সমন্বয়ক ও যুবদল নেতারা পুলিশের নামে আমার কাছে টাকা চেয়েছে, আমি দিতে রাজি হইনি বলে ফেনী থানায় পাঠিয়ে দিয়েছে।
এ ঘটনায় ন্যায়বিচার চেয়ে এসপির কাছে অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ শামসুজ্জামান বলেন, উজ্জ্বলের বিরুদ্ধে কোন মামলা নেই। তবে জুলাইয়ে মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত একটি মামলায় তাকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
