❐ জেলা প্রতিনিধি
আলোচনা সভায় সামনের চেয়ারে বসাকে কেন্দ্র করে ফেনীর পরশুরামে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
আজ ৩রা সেপ্টেম্বর, বুধবার দুপুরে পরশুরাম জিরোপয়েন্ট এলাকায় উন্মুক্ত মঞ্চের সামনে এ সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এরমধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
জানা গেছে, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল হালিম মানিক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দলের নেতা ও পুলিশের হস্তক্ষেপে আধা ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
সংঘর্ষে আহত বিএনপির কর্মীরা হলেন: মো. ইসমাইল, মো. তাজুল ইসলাম, জালাল উদ্দিন টুটুল, মো. সোহেল, মৃধুল, তৌহিদ, পাপ্পু ও মো. হোসেনসহ ১৫ জন।
তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ফেনী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। আহতদের মধ্যে চিথলিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক।
পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিক মানিক বলেন, গ্রাম থেকে শহরে এসে নেতাকর্মীরা বিশৃঙ্খলা করবে এটা মেনে নিতে পারিনা না। এ ঘটনার সাথে জড়িদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি।
দলীয় কোন গ্রুপিং নেই দাবি করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব জানান, মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে যারা বিশৃঙ্খলা করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
পরশুরাম মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল হাকিম জানান, বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
