❐ বিশেষ প্রতিবেদক
আবারও বিতর্কিত সিদ্ধান্তের দ্বারপ্রান্তে ইউনূস-সরকার। এবার জনপ্রিয় মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান (এমএফএস) নগদকে বেসরকারি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
জানা গেছে, বাংলাদেশ ডাক বিভাগের অধীনস্ত প্রতিষ্ঠান নগদকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার লক্ষ্যে বিনিয়োগকারী খুঁজতে এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।
২৭শে আগস্ট, বুধবার ঢাকার সোনারগাঁও হোটেলে “ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫” অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গভর্নর এ কথা বলেন।
আহসান এইচ মনসুর বলেন, এমএফএস খাতে প্রতিযোগিতা ও নতুন বিনিয়োগ তৈরি করতে হবে। তাই নগদকে বেসরকারি খাতে দিয়ে বিনিয়োগ আনার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ইউনূস-সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এমন সিদ্ধান্ত এসেছে বলে জানান তিনি।
সভায় গভর্নর জানান, ডাক বিভাগের এই প্রতিষ্ঠান চালানোর সক্ষমতা নেই।
তিনি বলেন, “বর্তমানে তাদের এ সেবা পরিচালনার সক্ষমতা নেই। নগদে একটি প্রযুক্তি কোম্পানিকে প্রধান শেয়ারহোল্ডার হিসেবে আনতে হবে। ইতোমধ্যে নগদে বড় ধরনের সংশোধন আনা হয়েছে।”
প্রতিষ্ঠানটি পুনর্গঠনের পথে রয়েছে উল্লেখ করে গভর্নর দাবি করেন, আগের মালিকদের কারণে নানা অনিয়মের যেসব সমস্যা ছিল, তা সমাধান হয়েছে। দেড় কোটি ভুয়া বা অকার্যকর হিসাব বাদ দেওয়া হয়েছে।
এসময় তিনি বলেন, মানুষকে এমএফএস সার্ভিসে ক্যাশ আউটের ধারণা থেকে বের করে আনতে হবে। তাদের বলেছি ক্যাশ করার সুবিধা কমিয়ে আনতে, যেন মানুষ ডিজিটাল ওয়ালেট ব্যবহারে বাধ্য হয়।
মোবাইলে পেমেন্ট করলে গ্রাহককে সুযোগ-সুবিধা কতটা দেওয়া যায় তা নিশ্চিত করতে এমএফএস অপারেটরদের পরামর্শ দিয়েছেন গভর্নর।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার, সিটি ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসরুর আরেফিন প্রমুখ।
