নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির স্থলমাইনে গোড়ালি উড়ে গেল বন্য হাতির

নাইক্ষ্যংছড়িতে আরাকান আর্মির স্থলমাইনে গোড়ালি উড়ে গেল বন্য হাতির
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির পেতে রাখা স্থলমাইন বিস্ফোরণে একটি বন্য হাতি গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণে হাতিটির ডান পায়ের গোড়ালির একটি অংশ উড়ে গেছে।

বর্তমানে আহত হাতিটি নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালার চেরারমাঠের ঐট্টাইল্যাঝিরিতে অবস্থান করছে।

নাইক্ষ্যংছড়ি বনরেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক সরকার ১১ই আগস্ট, সোমবার বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হাতিটিকে আহত অবস্থায় দেখতে পান। স্থলমাইন বিস্ফোরণে হাতিটি আহত হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

তার দাবি, মিয়ানমারের সীমান্তের ভেতরে স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছে হাতিটি। যদিও স্থানীয়দের দাবি ভিন্ন। তারা জানান, বাংলাদেশের সীমান্তের ভেতরেও রয়েছে স্থলমাইন। আরাকান আর্মি সেগুলো পুঁতে রেখেছে বাংলাদেশি নিরাপত্তা বাহিনীকে ঠেকানোর জন্য।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, সকালে খবর পেয়ে বন বিভাগকে অবহিত করা হয়েছে। আহত হাতির চিকিৎসা ও সুরক্ষার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় বাসিন্দা আবদুস সালাম জানান, হাতিটি মিয়ানমারের নাকি বাংলাদেশের, তা নিশ্চিত নয়। অনেক সময় বাংলাদেশের বন্য হাতি খাবারের সন্ধানে মিয়ানমারে যায় এবং পরে ফিরে আসে। সম্ভবত ফেরার পথে মিয়ানমারের বসানো স্থলমাইনে বিস্ফোরণে হাতিটি আহত হয়েছে। বর্তমানে এটি দুর্বল হয়ে পড়েছে এবং কাউকে আক্রমণ করার মতো শক্তি নেই।

তবে বাংলাদেশের সীমান্ত এলাকায় মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর স্থলমাইন পুঁতে রাখার বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Visited 11 times, 1 visit(s) today