নিজস্ব সংবাদদাতা
লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট এলাকায় সেনাবাহিনীর অভিযানে জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিনকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তার সহযোগী নাঈমের বাড়ি থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
রোববার গভীর রাতে সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. রাহাত খানের নেতৃত্বে ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়।
এ সময় একটি একনলা বন্দুক ও নগদ ১ লাখ পাঁচ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে ফরিদের দেওয়া তথ্যে সহযোগী নাঈমের বাড়ির পাশের পুকুর থেকে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও অন্যান্য সরঞ্জাম পাওয়া যায়।
সেনাবাহিনী ও স্থানীয় সূত্র জানায়, ফরিদ উদ্দিনের বিরুদ্ধে সদর থানাসহ একাধিক অস্ত্র আইন ও অন্যান্য অপরাধে মামলা রয়েছে। ইয়াবা ব্যবসায়ীদের আশ্রয় দেওয়ার অভিযোগও আছে তার বিরুদ্ধে।
ক্যাপ্টেন রাহাত খান জানান, ফরিদ উদ্দিন পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাকে অস্ত্র আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।
তবে বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, রাজনৈতিক কারণে ফরিদ উদ্দিন ষড়যন্ত্রের শিকার হয়েছেন। তাকে ফাঁসানো হয়েছে।
