নিজস্ব প্রতিবেদক
বগুড়ার শিবগঞ্জে একটি পাটক্ষেত থেকে অজ্ঞাতপরিচয় মানুষের কঙ্কালের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ। পাশ থেকে বোরখা, পেটিকোট ও চপ্পল পাওয়ায় ধারণা করা হচ্ছে, কঙ্কালটি কোনো নারীর হতে পারে।
গতকাল বিকেলে দেউলী ইউনিয়নের রহবল হাজীপাড়া গ্রামের রংপুর-বগুড়া মহাসড়কের পাশের একটি পাটক্ষেত থেকে এসব উদ্ধার হয়।
স্থানীয়রা জানান, কৃষক জহুরুল হক পাট কাটতে গিয়ে মানুষের মাথার খুলি, মেরুদণ্ড, পা ও অন্যান্য হাড় ছড়িয়ে থাকতে দেখেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে কঙ্কাল ও আশপাশে থাকা কালো বোরখা, রঙিন ওড়না, খয়েরি পেটিকোট এবং স্পঞ্জের চপ্পল উদ্ধার করে।
স্থানীয়দের ধারণা, আশপাশের এলাকার কোনো নারীকে এনে ধর্ষণের পর হত্যা করে মাটিতে লাশ পুঁতে রাখা হয়েছে।
পাটচাষীরা জানান, পাটের চারা ছোট থাকতেই নিড়ানি এবং সার-সেচ-কীটনাশক প্রদানের পর সাধারণত আর পাটক্ষেতে যত্নের প্রয়োজন হয় না বলে কৃষককে পাটক্ষেতে যেতে হয় না। এই সুযোগে কেউ এখানে হত্যাকাণ্ড সংঘটিত করে থাকতে পারে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, কঙ্কালের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা করানো হতে পারে। এখনো কোনো মামলা হয়নি, তবে আইনি প্রক্রিয়া চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।
