চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমনে এনসিপি নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল: ‘দুষ্টুমি ছিল’, দাবি

চট্টগ্রাম বন্দরে আন্দোলন দমনে এনসিপি নেতার চাঁদাবাজির ভিডিও ভাইরাল: ‘দুষ্টুমি ছিল’, দাবি
শেয়ার করুন

স্থানীয় সংবাদদাতা

চট্টগ্রাম মহানগর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শাখার যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনের বিরুদ্ধে ৫ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে তোলপাড় চলছে। বন্দরকেন্দ্রিক আন্দোলন দমাতে এই চাঁদা দাবি করা হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ছড়িয়ে পড়তেই একে ‘দুষ্টুমি ছিল’, দাবি করেন অভিযুক্ত নিজাম।

রোববার সন্ধ্যায় ফেসবুকে কথোপকথনের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওটি পোস্ট করে বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্যসচিব রাহাদুল ইসলাম লিখেছেন, সাইফ পাওয়ার টেকবিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজাম উদ্দিন ৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন—যা দুর্নীতি ও বিশ্বাসঘাতকতার শামিল।

দেড় মিনিটের ভাইরাল ভিডিওতে দেখা যায়, আফতাব হোসেন রিফাত নামের একজনের সঙ্গে মেসেঞ্জারে আলাপ করছেন নিজাম উদ্দিন। কথোপকথনে আফতাব জানান, তিনি ৫ লাখ টাকা দিয়েছেন। জবাবে নিজাম উদ্দিন তাকে আরও ৫ লাখ টাকা সংগ্রহের পরামর্শ দেন এবং আন্দোলন বন্ধের আশ্বাস দেন। আলোচনায় “মীর” ও “রোহান” নামের বৈছা নেতাদের কথাও উঠে আসে।

রাতে ফেসবুক লাইভে এসে নিজাম উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “৩০শে মে রাতে রিফাত ফোন দিলে আমি দুষ্টুমি করে কিছু কথা বলেছিলাম। সেটা ভিডিও করে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আমি কোনো টাকা চাইনি। প্রয়োজনে গোয়েন্দা সংস্থা তদন্ত করুক। এটি আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংসের ষড়যন্ত্র।”

এর আগেও ২ কোটি টাকা চাঁদা না দেওয়ায় এক নারীর স্বামীকে মিথ্যা মামলায় জড়ানোর অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। ৫ই জুলাই সেই অভিযোগে বৈছার নগর শাখার সদস্যসচিব পদ থেকে তাকে সাময়িকভাবে সরানো হলেও পরে পুনর্বহাল করা হয়।

এনসিপির নগর প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক জানান, আগের অভিযোগের সময় বৈছার কাছ থেকে ইতিবাচক জবাব পেয়ে নিজামকে কমিটিতে রাখা হয়েছিল। “এবার নতুন অভিযোগ আসায় নিয়ম অনুযায়ী তার কাছে ব্যাখ্যা চাওয়া হবে,” বলেন তিনি।

গত ২৩ষে এপ্রিল ‘বন্দর রক্ষা আন্দোলন’ নিউমুরিং কনটেইনার টার্মিনাল ইস্যুতে নগরের কাস্টমস মোড়ে মিছিল ও সমাবেশ করেছিল।

Visited 8 times, 1 visit(s) today