যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুরে থানায় অনাধিকার প্রবেশ, সরকারি কাজে বাধা প্রদান এবং হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ ৬ই আগস্ট, বুধবার সকালে যশোর শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অজিয়ার রহমান জামায়াতের সহযোগী সংগঠন পেশজীবী পরিষদের কেশবপুর উপজেলা সভাপতি। তিনি গুপ্ত সংগঠন ছাত্র শিবিরের যশোর জেলা পূর্ব শাখার সাবেক সভাপতি।
কেশবপুর পৌর জামায়াতের আমির জাকির হোসেন তার পরিচয় তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত রোববার কেশবপুর থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বাদী হয়ে থানায় অজিয়ার রহমানের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই মামলায় আজ সকালে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।
এসআই মোখলেসুর রহমান বলেন, অজিয়ার রহমানের চাচাতো ভাই শহিদুল ইসলামের বিরুদ্ধে একজন বাদী হয়ে একটি মামলা করেন। ওই মামলায় তাকে (শহিদুল) কেন আসামি করা হয়েছে, তা নিয়ে ক্ষুব্ধ ছিলেন অজিয়ার। থানায় অনধিকার প্রবেশ করে পুলিশকে হুমকি এবং সরকারি কাজে বাধা দেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে, থানায় ঢুকে আজিয়ারের পুলিশকে হুমকি দেওয়ার একটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, অজিয়ার ওই পুলিশ কর্মকর্তাকে আওয়ামী লীগের দোসর বলে ধমকাচ্ছেন। এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগের লোক হিসেবে ওই চেয়ারে বসে আপনি কর্মকাণ্ড চালাচ্ছেন।’ তখন ওই পুলিশ কর্মকর্তা বলেন, ‘আমি কেন রাজনীতি করব?’
এ বিষয়ে কেশবপুর পৌর জামাতের আমির জাকির হোসেন দলীয় নেতার দায় মেনে নিয়ে বলেন, থানায় ঢুকে হুমকি দেওয়ার ঘটনাটি তার (অজিয়ার রহমান) ভুলই হয়েছে।
