নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি, চাঁদাবাজি, দখলসহ নানা অভিযোগ এনে বৈষম্যবিরোধী ছাত্র (বৈছা) আন্দোলনের খুলনা মহানগরের যুগ্ম মুখ্য সংগঠক শেখ রাফসান জানী সংগঠন থেকে পদত্যাগ করেছেন।
৮ই জুলাই, মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে এ সিদ্ধান্তের কথা জানান। পাশাপাশি পদত্যাগপত্র সংগঠনের সংশ্লিষ্টদের কাছেও পাঠিয়ে দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। এখন থেকে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের রাজনীতিতের যুক্ত হওয়ার ঘোষণাও দেন তিনি।
শেখ রাফসান জানী খুলনায় জুলাই আন্দোলনের অন্যতম মুখ। আন্দোলনের সময় গত বছরের ৪ঠা আগস্ট গগণবাবু রোডে আহত হয়েছেন বলে দাবি তার।
ফেসবুক পোস্টে লেখেন, “গত জুলাইয়ে আমরা একটি কঠিন পদযাত্রা পেরিয়ে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ ব্যানারের অধীনে একসঙ্গে এসেছিলাম। কিন্তু ৫ আগস্টের ঘটনার পর থেকে খুলনাতে এই ব্যানারে স্বার্থপরতা, অভ্যন্তরীণ দ্বন্ধ, দুর্নীতি এবং পদ দখলের লড়াই শুরু হয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ক্ষমতাকেন্দ্রিক ঈর্ষা ও কিছু প্রভাবশালী মহলের ষড়যন্ত্রে বিপ্লবীদের জায়গা দখল করে নেয় সুবিধাবাদীরা। ফলে আন্দোলনটি এখন এক ক্ষয়ে যাওয়া কাঠামোতে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, “আমি এবং আমার বাবা এই আন্দোলনে রক্ত ও শ্রম দিয়ে অবদান রেখেছি। অথচ সেই আন্দোলনের মানুষজনই আমার বিরুদ্ধে জমি দখলের মতো মিথ্যা অভিযোগ এনেছে। এরপর থেকেই আমি নিজেকে গুটিয়ে নিই। আমার আত্মত্যাগের কাছে কোনো পদ বড় নয়।”
পদত্যাগের পর তিনি জানান, এখন থেকে তিনি ছাত্রদলের সঙ্গে যুক্ত হয়ে রাজনৈতিক জীবন শুরু করবেন।
রাফসানের পরিবার ও বন্ধুদের সাথে কথা বলে জানা যায়, বৈছা আন্দোলনের নেতাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন, চাঁদাবাজি-দখলবাজি, মব সন্ত্রাসসহ যাবতীয় অন্যায়-অনিয়ম থেকে নিজের দায় এড়াতে তিনি সরে যেতে চাইছিলেন গত কয়েক মাস ধরে।
