নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর শামীমাবাদ আবাসিক এলাকার লন্ডনপ্রবাসী মো. আলম বেগের স্বপ্নের বাড়ি ‘মাতৃমহল হলিভিউ’ ছাত্রদল নেতার দখলদারিত্ব থেকে উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। গত আগস্টে রাজনৈতিক পট-পরিবর্তনের পর বাড়িটি দখল করে নিয়েছিল মহানগর ছাত্রদল নেতা ফাহিম। বাড়ির প্রকৃত মালিকের পরিবারের অভিযোগের ভিত্তিতে এসএমপির অভিযানে বাড়িটি দখলমুক্ত হয় এবং ফেরত দেওয়া হয় উত্তরাধিকারী সোহেল বেগকে।
গত রাতে এসএমপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করে জানায়, লন্ডন প্রবাসী আলম বেগের পরিবার পুলিশের সহায়তায় অবশেষে তাদের পৈতৃক সম্পত্তি ফিরে পেয়েছে।
বাড়িটি উদ্ধারের পর শামীমাবাদ এলাকায় আয়োজিত এক কৃতজ্ঞতা ও ধন্যবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসএমপির পুলিশ কমিশনার মো. রেজাউল করিম বলেন, গত বছরের আগস্টের পর প্রবাসীর বাড়িটি বেদখল হয়ে যায়।
আমরা কাগজপত্র যাচাই-বাছাই করে নিশ্চিত হয়েছি—দখলকারীরা হোল্ডিং নম্বর জালিয়াতির মাধ্যমে বাড়িটির নাম বদলে ‘হোয়াইট হাউস’ রেখেছিল। প্রকৃত মালিককে তার সম্পত্তি ফিরিয়ে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।
অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্টজন, সাংবাদিক, রাজনৈতিক নেতা এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত থেকে এসএমপিকে আন্তরিক ধন্যবাদ জানান।
তথ্যানুসন্ধানে জানা যায়, যুক্তরাজ্যপ্রবাসী আলম বেগ ১৯৯৯ সালে ১৪ শতক জমি কিনে ২০০৪ সালে ৯ শতকের ওপর পাঁচতলা ভবন নির্মাণ করেন।
রাজনৈতিক পালাবদলের পর বাড়িটির নিয়ন্ত্রণ নেয় সিলেট মহানগর ছাত্রদলের স্কুলবিষয়ক সম্পাদক এস এম ফাহিম। চলতি বছরের জানুয়ারিতে দেশে ফিরে মালিকানা দাবি করলে, আলম বেগের বড় ছেলে সোহেল বেগকে হত্যার হুমকি দেয়া হয়। বাধ্য হয়ে তিনি ২রা জুন কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন। মামলায় ছাত্রদল নেতা ফাহিমসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪-৫ জনকে আসামি করা হয়।
পুলিশ তদন্ত শেষে ১লা জুলাই বিকেলে অভিযান চালিয়ে বাড়িটি দখলমুক্ত করে সোহেল বেগের হাতে হস্তান্তর করে।
সোহেল বেগ জানান, তার বাবা ১৪ শতকের মধ্যে মাত্র ৯ শতকে ভবন নির্মাণ করেছিলেন, বাকি ৭-৮ শতক অবৈধ দখলে আছে।
