ঢাকার গণপরিবহনে সংস্কারের স্বপ্ন ভেস্তে গেল: পিংক বাস এখন লোকাল, পাঁচ মাসেই ব্যর্থ উদ্যোগ

ঢাকার গণপরিবহনে সংস্কারের স্বপ্ন ভেস্তে গেল: পিংক বাস এখন লোকাল, পাঁচ মাসেই ব্যর্থ উদ্যোগ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা, ২৯ জুন ২০২৫: রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে চালু হওয়া ‘পিংক বাস’ উদ্যোগ মাত্র পাঁচ মাসের মাথায় মুখ থুবড়ে পড়েছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উচ্চাভিলাষী এই সংস্কার পরিকল্পনা এখন লোলল বাসের মতোই অগোছালো অবস্থায় ফিরে গেছে, যা যাত্রীদের মধ্যে হতাশা ও ক্ষোভের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, যে তাত্ত্বিক সংস্কার চাপিয়ে দেয়া হছে, তা আসলে বাস্তবসন্মত কিনা।

২০২৫ সালের ফেব্রুয়ারিতে ‘ঢাকা নগর পরিবহন’ প্রকল্পের অংশ হিসেবে পিংক বাস চালু করা হয়েছিল। এই উদ্যোগের মাধ্যমে নির্দিষ্ট রুটে ই-টিকিটিং, নির্দিষ্ট বাস স্টপেজ এবং শৃঙ্খলিত যাত্রীসেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেওয়া হয়। তবে, বাংলা ট্রিবিউনের এক প্রতিবেদন অনুযায়ী, মাত্র কয়েক মাসের মধ্যেই ই-টিকিটিং ব্যবস্থা কার্যত বন্ধ হয়ে গেছে এবং বাস কাউন্টারগুলো উধাও। পিংক বাসগুলো এখন সাধারণ লোকাল বাসের মতোই যত্রতত্র যাত্রী ওঠানামা করছে, যা প্রকল্পের মূল লক্ষ্যকে ব্যর্থ করে দিয়েছে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির এক নেতা স্বীকার করেছেন, “প্রথম ধাপে চাঁদাবাজি বন্ধ ও যাত্রীসেবার মান বাড়ানোর কিছু অগ্রগতি হলেও, স্টপেজ নির্ধারণ ও সাইনবোর্ড স্থাপনের মতো গুরুত্বপূর্ণ কাজ এখনও অসম্পূর্ণ।” তিনি আরও বলেন, “সিটি করপোরেশনের সহযোগিতার অভাবে আমরা পিছিয়ে পড়ছি।”

যাত্রীদের অভিযোগ, পিংক বাসগুলোতে প্রতিশ্রুত শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ বা নির্ধারিত সময়সূচি মানা হচ্ছে না। মিরপুরের বাসিন্দা রাকিব হোসেন বলেন, “প্রথমে ভেবেছিলাম এই বাসগুলো শৃঙ্খলা আনবে। কিন্তু এখন দেখি, আগের লোকাল বাসের মতোই যানজট আর অগোছালো সেবা। ই-টিকিট কোথায় গেল, কেউ জানে না।”

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “প্রকল্পটি বাস্তবায়নে প্রয়োজনীয় তহবিল ও সমন্বয়ের অভাব ছিল। ব্যাটারিচালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলও পরিস্থিতি আরও জটিল করেছে।” তিনি বলেন, সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা এই ব্যর্থতার বড় কারণ।

এদিকে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান গত বছর থেকে পরিবহন খাতে সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে, বাস রুট রেশনালাইজেশন এবং ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি। বিশেষজ্ঞরা মনে করেন, সঠিক পরিকল্পনা, বিনিয়োগ এবং কঠোর তদারকি ছাড়া গণপরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়।

এটা প্রমাণিত হয়ে গেছে, যেই সংস্কারের প্রস্তাব গুলো অন্তর্বর্তীকালীন সরকার এনেছে, তার বেশীরভাগই বাস্তবতা বিবর্জিত হবার কারনে সফলতার মুখ দেখছে না। ব্যবসায়ী ও যাত্রীরা এখন সরকারের কাছে দ্রুত পদক্ষেপ ও সংস্কারের বিকল্প পরিকল্পনা দাবি করছেন। অন্যথায়, ঢাকার গণপরিবহন ব্যবস্থা যানজট ও অরাজকতার দুষ্টচক্র থেকে বের হতে পারবে না বলে আশঙ্কা করা হচ্ছে।

Visited 13 times, 1 visit(s) today