নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৯ জুন ২০২৫ (এপি) — হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রোববার সকাল ৭:০৮ টায় মরক্কোগামী টার্কিশ এয়ারলাইন্সের (টিকে-৭১৩) ফ্লাইটে ওঠার সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কেবিন লাগেজ থেকে গুলিভর্তি অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করেছে বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তারা। উপদেষ্টা মরক্কোর মারাকেশে ওআইসি যুব আন্তর্জাতিক প্রোগ্রামে অংশগ্রহণের জন্য সরকারি সফরে যাচ্ছিলেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, বোর্ডিং ব্রিজ-০৯ এ লাগেজ স্ক্যানিংয়ের সময় দায়িত্বরত এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যরা ম্যাগাজিনটি শনাক্ত করেন। ঘটনার পরপরই একজন সচিব বিমানবন্দরে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ম্যাগাজিনটি নিজের হেফাজতে নেন। এরপর আসিফ মাহমুদকে গ্রিন চ্যানেলের মাধ্যমে ফ্লাইটে উঠতে সহায়তা করা হয়।
আসিফ মাহমুদ জানিয়েছেন, তাড়াহুড়ার কারণে ভুলবশত ম্যাগাজিনটি তার লাগেজে থেকে গিয়েছিল এবং এটি একটি অনিচ্ছাকৃত ঘটনা। বিমানবন্দরের এক নিরাপত্তা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রাথমিক তদন্তে এটি দুর্ঘটনাজনিত বলে মনে হচ্ছে, তবে বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে।
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং বিমানবন্দর নিরাপত্তা বিভাগ এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। ঘটনাটি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা তুলে ধরলেও, একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার লাগেজে এমন সামগ্রী পাওয়ায় নিরাপত্তা প্রোটোকল নিয়ে প্রশ্ন উঠেছে।
আগেও তিনি একবার আগ্নেয়াস্ত্র নিয়ে হেলিকপ্টারে উঠার চেষ্টা করেছিলো। সেটা নিয়েও অনেক ঝামেলা শেষে ধামাচাপা দিয়েছিল সরকার।
এতো নিরাপত্তারক্ষী থাকার পরে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার কাছে কেন অস্ত্রের গুলিভর্তি ম্যাগাজিন থাকবে? তাহলে কি ব্যাক্তিগতভাবে অস্ত্রও ব্যাবহার করেন তিনি? কেন তার অস্ত্রের প্রয়োজন? এই প্রশ্নগুলোর সঠিক উত্তর হয়তো আর কখনও জানা যাবে না। তিনি নিজেও এক সাক্ষাতকারে বলেছিলেন, ছাত্ররা গত জুলাই-আগস্টে সশস্ত্র বিপ্লবের জন্য প্রস্তুতি নিচ্ছিলো। তাহলে সব ছাত্র সমন্বয়করাই এখন সশস্ত্রভাবে চলাফেরা করেন কিনা, এই প্রশ্ন থেকেই যায়।
