রাজস্বের টাকায় দল আর আখের গোছালেন আসিফ হাসনাতরা

রাজস্বের টাকায় দল আর আখের গোছালেন আসিফ হাসনাতরা
শেয়ার করুন

বিশেষ প্রতিবেদক

কুমিল্লা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কুমিল্লা জেলা পরিষদের নিজস্ব রাজস্ব তহবিল থেকে ১৫ কোটি টাকা এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ১০ কোটি টাকা নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া।
শনিবার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বিএনপির আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।মোস্তাক মিয়া বলেন, “আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরের আসিফ মাহমুদ ১৫ কোটি টাকা নিয়ে গেছেন।
তিনি আমাদের নিজস্ব রাজস্বের টাকা ১৫ কোটি টাকা নিয়ে গেছেন। আরেকজন হাসনাত আবদুল্লাহ। তিনি নিয়ে গেছেন ১০ কোটি টাকা। এটা হলো সমন্বয়ের অবস্থা। তাঁরা চেয়েছিলেন বাংলাদেশে বৈষম্যবিরোধী সমন্বয়ের রাজনীতি, কিন্তু তাঁদের মধ্যে সেটা ছিল না।”
তিনি আরও বলেন যে, জনগণের ভোটে নির্বাচিত সরকার এখন ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে।
অভিযোগের বিষয়ে আসিফ মাহমুদ ও হাসনাত আবদুল্লাহর বক্তব্য জানতে তাদের ফোনে যোগাযোগ করা হলে দুজনের নম্বরই বন্ধ পাওয়া যায়। অনুষ্ঠানের পর জেলা পরিষদ প্রশাসকের সঙ্গেও বিস্তারিত জানতে চাইলে তাঁর ব্যক্তিগত সহকারী জানান, তিনি ব্যস্ত আছেন এবং পরে কথা বলবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। তিনি জিয়াউর রহমানের নেতৃত্ব ও আদর্শ নিয়ে বক্তব্য রাখেন।এ ঘটনা জনগণের ট্যাক্সের টাকার দায়িত্বশীল ব্যবহার নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিষয়টি নিয়ে আরও তদন্তের দাবি উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
Visited 11 times, 1 visit(s) today