নিজস্ব প্রতিবেদক | ২৫শে জুন ২০২৫
মব সন্ত্রাসের মাধ্যমে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও বীর মুক্তিযোদ্ধা কে এম নূরুল হুদাকে জুতার মালা পরানোসহ পুলিশের সামনে মারধরের ঘটনায় স্বেচ্ছাসেবক দলের তিন নেতা আটকের দুদিনের মধ্যেই জামিন পেয়ে গেলেন।
আজ ২৫শে জুন, বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্যাহ শুনানি শেষে তাদের জামিনের আদেশ দেন।
জামিন পাওয়া মব সন্ত্রাসীরা হলেন- ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের মোজাম্মেল হক ঢালী, উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. হানিফ ও একই থানার যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম।
কে এম নূরুল হুদাকে মব সন্ত্রাসের মাধ্যমে শারীরিক, মানসিক ও সামজিকভাবে লাঞ্ছিত করার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনার পর মব সন্ত্রাসী ও বিএনপি নেতা হানিফকে গত ২২শে জুন রাতে আটক দেখাতে বাধ্য হয় পুলিশ।
এরপর ২৩শে জুন আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে ২৫শে জুন জামিন শুনানির জন্য রাখেন। অপর ২ জন- ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক দলের মোজাম্মেল হক ঢালী ও উত্তরা পশ্চিম থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. কাইয়ুম আজ আত্মসমর্পণ করে জামিনের জন্য আবেদন করলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।
আসামি মোজাম্মেল ও কাইয়ুমের পক্ষে অ্যাডভোকেট এনামুল হক জামিন শুনানিতে দাবি করেন, তারা নির্দোষ, নিরাপরাধ। ঘটনার সঙ্গে কোনোভাবে জড়িত না। হয়রানি করতে তাদের মামলায় জড়িত করা হয়েছে। তারা ভুক্তভোগীর (নূরুল হুদা) নিরাপত্তার জন্য ঘটনাস্থলে যান। অন্যথায় বিক্ষুদ্ধ জনতা দ্বারা ভুক্তভোগী মারাত্মক শারীরিক ক্ষতির সম্মুখীন হতেন।
তিনি আরও বলেন, দলীয় ভাবমূর্তি নষ্ট করার জন্য তাদের মামলায় জড়িত করা হয়েছে। তারা স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেছেন। তাদের বিরুদ্ধে অপরাধ জামিনযোগ্য ধারার।
হানিফের পক্ষে আইনজীবী আবদুল ফারুক বলেন, এ আসামি সম্পূর্ণ নির্দোষ। ঘটনার সঙ্গে জড়িত না। ভুক্তভোগীকে রক্ষা করতে সেখানে যান। ভুক্তভোগীকে হেনস্থার সঙ্গে জড়িত নন।
যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখা গেছে বীর মুক্তিযোদ্ধা নূরুল হুদাকে জঘন্যভাবে লাঞ্ছিত করছেন হানিফ।
শুনানি শেষে আদালত জামিনযোগ্য ধারায় অপরাধের অভিযোগ থাকায় ৫০০ টাকা মুচলেকায় তাদের জামিনের আদেশ দেন।
গত ২২শে জুন রাজধানীর উত্তরার বাসায় ঢুকে বিএনপির মব সন্ত্রাসীরা সাবেক সিইসি নূরুল হুদাকে বের করে আনে। পুলিশ সদস্যদের সামনেই জুতার মালা পরিয়ে, জুতাপেটা করে তাকে হেনস্তার পর পুলিশে সোপর্দ করে তারা। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার সৃষ্টি হয়।
এ ঘটনায় উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সজীব হাসান গতকাল মঙ্গলবার মামলা দায়ের করেন।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘দিনের ভোট রাতে’ করাসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় বিএনপি নেতা সালাউদ্দিন খানের করা মামলায় নূরুল হুদাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলায় সোমবার নুরুল হুদার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত।
এদিকে, মব সন্ত্রাসীদের এভাবে হাসতে হাসতে বেরিয়ে আসার ঘটনায় আবারও তীব্র নিন্দা ও সমালোচনায় মুখর হয়েছেন নেটিজেনরা। একজন বীর মুক্তিযোদ্ধাকে এভাবে লাঞ্ছিত করার ধৃষ্ঠতা দেখানো মব সন্ত্রাসীদের জামিন দিলে আটক করার নাটক কেন করা হলো, প্রশ্ন রাখেন তারা।
