নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাট সদর উপজেলায় ইসলাম ধর্ম ও মহানবী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগে হিন্দু সম্প্রদায়ের এক নাপিত ও তার পুত্রকে আটক করেছে পুলিশ। পরিবার বলছে, মাত্র ১০ টাকার দেনা-পাওনার বিরোধকে কেন্দ্র করেই মিথ্যা ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে মব হুমকি ও সহিংসতা চালানো হয়েছে।
রোববার দুপুরে পৌরসভার ৯নং নম্বর ওয়ার্ডের হানিফ পাগলার মোড়ে এই ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন, স্থানীয় সেলুন ব্যবসায়ী পরেশ চন্দ্র শীল (৬৯) ও তার পুত্র বিষ্ণু চন্দ্র শীল (৩৫)। পুলিশের দাবি, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের’ অভিযোগের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে এবং তদন্ত চলছে।
পরেশ শীলের পরিবারের ভাষ্য অনুযায়ী, ঘটনার পেছনে মূল কারণ ধর্ম নয়, বরং একটি তুচ্ছ আর্থিক বিরোধ। এক স্থানীয় তরুণের সঙ্গে মাত্র ১০ টাকার একটি দেনা-পাওনার ঘটনাকে কেন্দ্র করে তাদের জড়িয়ে ধর্ম অবমাননার অভিযোগ তোলা হয়েছে। এরপর উত্তেজিত লোকজন সেলুনে ঢুকে তাদের হেনস্থা করে এবং পুলিশ গিয়ে উদ্ধার করে।
বিষ্ণু চন্দ্র শীল বলেন, “আমরা কাউকে কিছু বলিনি, একটা লোক শুধু ১০ টাকা না দেওয়ার অজুহাতে এসব বলে মব ডাকলো। এরপর আর কিছু বোঝার আগেই আমাদের তুলে নিয়ে যাওয়া হয়।”
বিরুদ্ধমতের বিরুদ্ধে ‘ধর্ম অবমাননা’: পুরনো কিন্তু কার্যকর অস্ত্র
বাংলাদেশে ধর্ম অবমাননার অভিযোগ বহু বছর ধরে একটি ভয়ঙ্কর সামাজিক ও রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তা দিয়ে কখনও প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ, কখনও সংখ্যাগুরু তোষণ, আবার কখনও ব্যক্তিগত বিরোধ মীমাংসা করা হয়।
ধর্মীয় বক্তৃতার ক্ষেত্রেও প্রায়শই দেখা যায়, এক হুজুর আরেক হুজুরকে কাফের ফতোয়া দিচ্ছেন—শুধুমাত্র মতের অমিল বা প্রতিযোগিতার কারণে। কিন্তু তারা মব-হামলার শিকার হন না, কারণ তাদের আছে নিজস্ব অনুসারী ও প্রতিরোধ শক্তি।
সংখ্যালঘু হলে এই প্রতিরোধের সুযোগ থাকে না। তাই তাদের বিরুদ্ধে যখনই ধর্ম অবমাননার অভিযোগ ওঠে, জনতার রোষ মুহূর্তেই তাদের বিরুদ্ধে সহিংসতায় রূপ নেয়। ঘটনাটি ঘটেছে ধর্মের নামে, কিন্তু প্রসঙ্গ ছিল সম্পূর্ণ ভিন্ন।
অভিযোগকারী তরুণ মুসল্লির দাবি, তিনি সেলুনে গেলে পরেশ শীল ধর্মীয় বিষয়ে আপত্তিকর মন্তব্য করেন। আরও এক কিশোরের দাবি, এক মাস আগেও তিনি একই ধরনের কথা শুনেছেন। ঘটনাটি জানাজানি হলে দুপুরে উত্তেজিত জনতা সেলুন ঘিরে ফেলে এবং পিতা-পুত্রকে ধরে ফেলে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং দুজনকেই থানায় নিয়ে যায়।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরনবী মিয়া জানান, “ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।”
