বাংলাদেশকে আসিয়ানে যুক্ত করতে আগ্রহী ইউনূস, মাহাথির মোহাম্মদের আপত্তি

বাংলাদেশকে আসিয়ানে যুক্ত করতে আগ্রহী ইউনূস, মাহাথির মোহাম্মদের আপত্তি
শেয়ার করুন

কূটনৈতিক ডেস্ক

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূস দীর্ঘদিন ধরেই বাংলাদেশকে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের (ASEAN) সদস্য করতে আন্তর্জাতিক মহলে পক্ষে জনমত গড়ে তুলছেন। তবে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আপত্তি জানিয়েছেন।

তার যুক্তি, বাংলাদেশ আসিয়ানের অন্তর্ভুক্ত হওয়ার মতো ভৌগলিক অবস্থানে নেই।

সম্প্রতি আইটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহাথির বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার ভৌগোলিক সীমার মধ্যে বাংলাদেশ পড়ে না। ভৌগোলিক সংজ্ঞার প্রতি আমাদের সম্মান জানাতে হবে। তা না হলে আসিয়ান একসময় জাতিসংঘে পরিণত হয়ে যাবে।

বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল অবস্থান রেখে মাহাথির বলেন, তারা চাইলে সংলাপসঙ্গী বা পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে আসিয়ানে যুক্ত হতে পারে, যেমন- জাপান, যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্র।

তবে পূর্ণ সদস্যপদের ক্ষেত্রে আপত্তি জানান তিনি।

জাপানে ইউনূসের সঙ্গে সাম্প্রতিক এক বৈঠকের প্রসঙ্গ টেনে মাহাথির বলেন, সেখানে ইউনূস বাংলাদেশের আঞ্চলিক অবস্থান, অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রসঙ্গে তার অভিমত জানান।

বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে মাহাথির বলেন, মানুষ শেখ হাসিনাকে সরাতে ঐক্যবদ্ধ হয়েছিল। কিন্তু এখন কী ধরনের সরকার তারা চায়, সে বিষয়ে কোনো ঐক্য নেই। প্রত্যেকে নিজের দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে চায়—এটাই এখনকার বড় সমস্যা।

তিনি সতর্ক করেন, আগের ঐক্যভিত্তিক আন্দোলন এখন পরস্পরবিরোধী গোষ্ঠীতে পরিণত হচ্ছে, যেটি বাংলাদেশের গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য হুমকি তৈরি করতে পারে।

ইউনূসকে কোনো রাজনৈতিক পরামর্শ দিয়েছেন কি না- জানতে চাইলে মাহাথির বলেন, আমি তার কথা মনোযোগ দিয়ে শুনেছি। তিনি কঠিন অবস্থায় আছেন। আমি বাংলাদেশ নিয়ে কোনো পরামর্শ দিতে চাই না।

বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে মাহাথির বলেন, গণতন্ত্রের সমস্যাই হলো- সবসময় যোগ্য নেতাই নির্বাচিত হন না। মাঝে মাঝে ভুল লোককে বেছে নেওয়া হয়। তবে যদি জনগণ সচেতনভাবে বিবেচনা করে ভোট দেয়, তাহলে তারা একটি ভালো সরকার পেতে পারে।

রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে কথা বলতে গিয়ে মাহাথির বলেন, আমরা মিয়ানমারকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি। এখন দক্ষিণ ও পূর্ব এশিয়ার অন্য দেশগুলোকেই এগিয়ে আসতে হবে।

এ বিষয়ে বাংলাদেশের দায়িত্ব আরও বেশি কিনা- এমন প্রশ্নে মাহাথির বলেন, বাংলাদেশ তাদের সবচেয়ে কাছের প্রতিবেশী। তাই স্বাভাবিকভাবে রোহিঙ্গারা সেখানেই যাবে। তারা তো লন্ডনে যাবে না।

Visited 12 times, 1 visit(s) today