নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা বলেছেন, গুপ্ত সংগঠন জামায়াতে ইসলামী অতীতে বিএনপির ছায়ায় থেকে ক্ষমতার স্বাদ নিয়েছে, পরে হেলমেট বাহিনী হয়ে গুপ্তচরগিরি করেছে আর এখন বিএনপির বিরুদ্ধেই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
তিনি বলেন, জামায়াতের অনেক নেতাকর্মী আগে আওয়ামী লীগের ভেতরে হেলমেট পরে ছাত্রদল, যুবদল ও বিএনপির মিছিলে হামলা করেছে। এই হেলমেট বাহিনী ছাত্রলীগের নাম ভাঙিয়ে সাধারণ নিরীহ শিক্ষার্থীদের নির্যাতন করেছে। আজ তারা ইসলামপন্থির ছদ্মবেশে টুপি পরে আবার আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করছে।
১৭ই জুন, মঙ্গলবার রাতে কাশিনগর ইউনিয়নের উত্তর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জামায়াতের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, চৌদ্দগ্রামের জনগণ জানে জামায়াতের ভোটের অবস্থা কী। তারা ইসলামের নাম ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত্র করে। অথচ বাস্তবে ইসলামের জন্য তারা কিছুই করেনি। তারা শুধু নিজেদের স্বার্থ দেখেছে, দেশের মানুষের কথা কখনো চিন্তা করেনি।
তিনি দাবি করেন, এরশাদকে একসময় শেখ হাসিনা জাতীয় বেঈমান বললেও জামায়াত তখন তার সঙ্গে হাত মিলিয়ে ১০টি আসন পেয়ে তার সরকারকে বৈধতা দিয়েছে।
বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনে গিয়ে তারা দেখিয়েছে, তাদের মূল লক্ষ্য ক্ষমতা ও স্বার্থসিদ্ধি। দেশের কল্যাণ নয়, বলেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাশিনগর ইউনিয়ন উত্তর বিএনপির আহ্বায়ক রাসেল মাহমুদ মজুমদার টিটু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার মো. শাহ আলম রাজু, যুগ্ম আহ্বায়ক ওয়াহিদুর রহমান মুক্তু, মো. গিয়াস উদ্দিন, ডা. মাঈন উদ্দিন মিয়াজী, এবং ইউনিয়ন দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. দলিলুর রহমান।
বক্তারা বলেন, জামায়াত ইসলামী এখন বিএনপির জন্য রাজনৈতিক বোঝা হয়ে দাঁড়িয়েছে, তাদের মুখোশ উন্মোচন করে রাজনীতি থেকে বিচ্ছিন্ন করা সময়ের দাবি।
