নিজস্ব প্রতিবেদক
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আসবাবপত্র তৈরিতে পরিবেশবান্ধব বিকল্প উপাদান হিসেবে বাঁশের ব্যবহার বাড়ানো অত্যন্ত জরুরি।
তিনি বলেন, দেশে কাঠের ওপর চাপ ক্রমাগত বাড়ছে, যা পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই পরিস্থিতি মোকাবিলায় বাঁশ হতে পারে কার্যকর সমাধান, কারণ এটি দ্রুত বর্ধনশীল, সহজলভ্য এবং প্রাকৃতিকভাবে টেকসই।
১৫ই জুন, রোববার পরিবেশ মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রিজওয়ানা হাসান এবং পরিবেশ রক্ষায় সবাইকে নতুন করে উদ্যম নিয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যানকে বাঁশ দিয়ে আসবাবপত্রের উৎপাদন বাড়াতে এবং সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন।
একইসঙ্গে বাঁশ গবেষণা কেন্দ্রকে বাঁশ প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি উন্নয়ন ও আধুনিক পণ্যের উদ্ভাবনে গবেষণা জোরদারের নির্দেশনা দেন।
রিজওয়ানা হাসান বলেন, “আধুনিক, টেকসই এবং নান্দনিক বাঁশের আসবাবপত্র শুধু দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণ নয়, বরং আন্তর্জাতিক বাজারেও রপ্তানির সম্ভাবনা তৈরি করতে পারে।”
সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
