জাফলংয়ে পরিবেশ এবং জ্বালানী উপদেষ্টাদের গাড়ি আটকে দিলেন বিক্ষুব্ধ শ্রমিকরা

জাফলংয়ে পরিবেশ এবং জ্বালানী উপদেষ্টাদের গাড়ি আটকে দিলেন বিক্ষুব্ধ শ্রমিকরা
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি পরিদর্শনে গিয়ে স্থানীয় পাথর শ্রমিকদের প্রতিবাদের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং জলবায়ু, বন, পরিবেশ ও পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান।

শ্রমিকরা নদী খুলে দিয়ে হাজার হাজার শ্রমিকের কাজের সুযোগ করে দিতে দাবি জানান।

এসময় শ্রমিকরা দুই উপদেষ্টার সঙ্গে উচ্চবাচ্যে কথা বলেন। অনেক শ্রমিক দুই উপদেষ্টার বিরুদ্ধে স্লোগানও দেন।

আজ শনিবার সকালে পিয়াইন নদী ও আশপাশের পাথর কোয়ারি এলাকা ঘুরে দেখতে যান অন্তর্বর্তী সরকারের এই দুই উপদেষ্টা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সরকারের দুই উপদেষ্টা জানান, জাফলংসহ দেশের ৫টি পাথর কোয়ারির ইজারা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে এবং শ্রমিকদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করবে সরকার।

বিকল্প হিসেবে এসময় তারা পর্যটনকে উৎসাহিত করা হবে বলে জানান।

দুই উপদেষ্টার এমন বক্তব্যে খবর পেয়ে শত শত শ্রমিকরা তাদের বহনকারী গাড়ি আটকে দিয়ে বিক্ষোভ করেন। তারা দুই উপদেষ্টাকে দালাল ও শ্রমিকবিরোধী বলে মন্তব্যও করেন। পরে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণ করে দুই উপদেষ্টাকে শ্রমিকদের বিক্ষোভ থেকে রক্ষা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বল্লাঘাট এলাকায় উপদেষ্টাদের গাড়িবহর আটকে দেন স্থানীয় পাথর শ্রমিক ও সংশ্লিষ্টরা। তারা সড়কে বসে বিক্ষোভ প্রদর্শন করেন এবং উপদেষ্টাদের গাড়ির সামনে অবস্থান নেন। এসময় উপদেষ্টাদের বিরুদ্ধে স্লোগানও দেন তারা।

গোয়াইনঘাট এলাকায় দায়িত্বরত গণমাধ্যমকর্মীরা জানান, স্থানীয়রা সড়ক অবরোধ করে “ভুয়া ভুয়া” শ্লোগান দিতে থাকেন। কিছুক্ষণ বিক্ষোভ চলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের শান্ত করেন এবং দুই উপদেষ্টার গাড়ি চলাচলের পথ উন্মুক্ত করে দেন।

Visited 28 times, 1 visit(s) today