ইশরাককে মেয়র করার দাবিতে নগর ভবনে বিএনপি কর্মীদের অবরোধ

ইশরাককে মেয়র করার দাবিতে নগর ভবনে বিএনপি কর্মীদের অবরোধ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়ার দাবিতে নগর ভবন ঘেরাও করেছেন বিএনপি সমর্থকরা।

বৃহস্পতিবার সকাল থেকে তারা নগর ভবনের প্রধান ফটকসহ বিভিন্ন প্রবেশপথ আটকে রেখেছেন। এতে কর্মকর্তা-কর্মচারীরা ভবনে ঢুকতে পারছেন না। এ পরিস্থিতিতে সেবা নিতে আসা সাধারণ মানুষও ভোগান্তিতে পড়েছেন।

বিক্ষোভকারীদের দাবি, আদালতের রায়ে মেয়র পদে ইশরাকের বৈধতা এসেছে। নির্বাচন কমিশনের গেজেটও প্রকাশিত হয়েছে।

তাদের অভিযোগ, তবুও স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ অনুষ্ঠান করছে না। এটি আদালতের রায় উপেক্ষা করার সামিল।

বুধবার ‘ঢাকাবাসী’ নামে একটি ব্যানারে একই দাবিতে নগর ভবনে মানববন্ধন হয়। এরপর থেকেই লাগাতার কর্মসূচির ঘোষণা দেয় আন্দোলনকারীরা।

গোপীবাগ থেকে আসা এক বিক্ষোভকারী বলেন, “গেজেট হয়ে গেছে, আর টালবাহানা চলবে না। দায়িত্ব দিতে হবে এখনই।”

নগর ভবনের প্রকৌশল বিভাগের একজন কর্মকর্তা বলেন, “সকালে অফিসে এসে দেখি প্রধান ফটক বন্ধ। আমরা ঢুকতেই পারিনি।”

২০২০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস জয়ী হয়েছিলেন। তবে সাম্প্রতিক রায়ে বিএনপির ইশরাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা করেছে ট্রাইব্যুনাল।

আন্দোলনকারীরা বলছেন, মেয়রের শূন্য পদে শপথ না হওয়ায় নাগরিক সেবাও ব্যাহত হচ্ছে।

Visited 12 times, 1 visit(s) today