রাত পেরিয়ে দিনেও রাজপথে জগন্নাথ শিক্ষার্থীরা

রাত পেরিয়ে দিনেও রাজপথে জগন্নাথ শিক্ষার্থীরা
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

তিন দফা দাবিতে রাজধানীর কাকরাইলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাত পার করে বৃহস্পতিবার সকালেও তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনে সংহতি জানিয়ে সেখানে ছিলেন শিক্ষকরাও। তারা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ রাজপথ ছাড়বেন না।

শিক্ষার্থীদের হাতে লেখা নানা স্লোগানে মুখর হয়ে উঠেছে কাকরাইল এলাকা। লেখা আছে— ‘লংমার্চ টু যমুনা’, ‘আমার ভাই আহত কেন, ইন্টেরিম জবাব দে’, ‘জবিয়ান আসছে, রাজপথ কাঁপছে’ ইত্যাদি।

এক ছাত্রনেতা বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ না হলে এর কার্যক্রম বন্ধ করে দিন। সরকারিভাবে দাবি না মানলে আমরা রাস্তা ছাড়ব না।”

আরেকজন বলেন, “রাতভর রাস্তায় থেকেছি। বৃষ্টি-রোদ উপেক্ষা করে আন্দোলন করছি। দরকার হলে আরও শত রাত কাটাব।”

তিন দফা দাবিগুলো হলো—
১. বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য ২০২৫-২৬ অর্থবছর থেকে আবাসন বৃত্তি চালু করা।
২. প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদন।
৩. দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প পরবর্তী একনেক সভায় অনুমোদন ও অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন।

বুধবার দুপুরে শিক্ষার্থী-শিক্ষকরা যমুনা ভবনের দিকে পদযাত্রা শুরু করেন। পথে গুলিস্তান, সচিবালয়, শিক্ষা ভবন, হাইকোর্ট ও মৎস্য ভবনে পুলিশের বাধার মুখে পড়েন তারা।

প্রধান বিচারপতির বাসভবনের সামনে পৌঁছালে পুলিশ টিয়ারশেল ছোড়ে, সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে অন্তত অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন।

আহতদের মধ্যে পঁচিশজনের বেশি এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হামলার পর শিক্ষার্থীরা আশ্রয় নেন কাকরাইল মসজিদে। কিছুক্ষণ পর আবার যমুনা অভিমুখে রওনা দেন তারা।

রাতে উপদেষ্টার বক্তব্য ও পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় আন্দোলনকারীরা। শিক্ষক সমিতির সভাপতির সঙ্গে ‘অসদাচরণের’ অভিযোগও ওঠে।

রাত ৮টার পর থেকে শিক্ষার্থী-শিক্ষকরা কাকরাইল মোড়ে অবস্থান নেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত সেখানেই চলছে তাদের বিক্ষোভ।

Visited 21 times, 1 visit(s) today