ভাড়ার জন্য বাস থেকে ছুড়ে ফেলে শিক্ষার্থী হত্যা, বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

ভাড়ার জন্য বাস থেকে ছুড়ে ফেলে শিক্ষার্থী হত্যা, বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক | ১০ই মে, ২০২৫

গাজীপুরে বাস ভাড়া নিয়ে বিতর্কের জেরে শিক্ষার্থী সিয়ামকে বাস থেকে ছুড়ে ফেলে হত্যার অভিযোগে ক্ষোভে ফেটে পড়েছেন সহপাঠী ও এলাকাবাসী।

আজ ১০ই মে, শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পোড়াবাড়ী (মাস্টারবাড়ী) এলাকায় ঘণ্টাব্যাপী অবরোধ ও বিক্ষোভ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া রোভার স্কাউট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা জানান, তাদের সহপাঠী সিয়ামকে তাকওয়া পরিবহনের হেলপার ইচ্ছাকৃতভাবে বাস থেকে ছুড়ে ফেলে দেয়, যা তারা ‘পরিকল্পিত হত্যা’ হিসেবে দেখছেন। তারা হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন।

বিক্ষোভ চলাকালে উত্তেজিত জনতা তাকওয়া পরিবহনের একটি বাস ভাঙচুর করে। এতে সড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং শিক্ষার্থীদের সঙ্গে সংলাপে বসে আইনশৃঙ্খলা বাহিনী।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, দুপুর ১২টার দিকে শিক্ষার্থী ও এলাকাবাসীকে শান্ত করে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত ৮ই মে, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিয়াম (১৯) নামে ওই শিক্ষার্থী বাস ভাড়া নিয়ে তর্কের একপর্যায়ে পোড়াবাড়ী এলাকায় চলন্ত বাস থেকে রাস্তায় পড়ে যান এবং অজ্ঞাত একটি বাসের চাপায় প্রাণ হারান।

Visited 32 times, 1 visit(s) today