নিজস্ব প্রতিবেদক | ৫ই মে, ২০২৫
জনপরিসরে মাইকে চিৎকার করে নারীকে “বেশ্যা” বলার কারণে উগ্রবাদী সংগঠন হেফাজত ইসলামকে লিগ্যাল নোটিশ দিয়েছেন এনসিপির তিন নারী নেত্রী ও তিন লেখিকা।
নোটিশ পাঠানো এনসিপির তিন নেত্রী হলেন- দলের উত্তরাঞ্চলের সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী, সদস্য সৈয়দা নীলিমা দোলা ও নীলা আফরোজ। অন্য তিন নারী হলেন লেখক ও অ্যাকটিভিস্ট- উম্মে রায়হানা, লেখক ও শিক্ষক উম্মে ফারহানা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও সংস্কৃতিকর্মী ক্যামেলিয়া শারমিন।
এনসিপি নেত্রী সৈয়দা নীলিমা দোলা বলেন, দলীয় সিদ্ধান্তে নয়, ব্যক্তিগত সিদ্ধান্তে তারা তিনজন (এনসিপির) এই নোটিশে যুক্ত হয়েছেন।
লিগ্যাল নোটিশ পাঠানো নারীরা গণমাধ্যমকে জানান, নারীদের প্রতি এই ধরণের নিপীড়নের সুযোগ নতুন বাংলাদেশে নেই। বিশেষত জুলাই আন্দোলনের পর সেই সুযোগ একেবারেই থাকছে না।
জুলাইয়ে নারীর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি করে তারা নতুন বাংলাদেশ সবার হবে, এমন আশাবাদ ব্যক্ত করেন।
তারা বলেন, ইউনূস সরকারের প্রস্তাবনায় যারা নারী সংস্কার কমিশন গঠন করতে গিয়েছেন এবং কাজ করেছেন তাদের এই ধরণের অপমান বাংলাদেশের নারীদের জন্য ভয়ঙ্কর। নারীর স্বাধীনতা এবং জীবনমানের ওপর যে প্রস্তাবনা বানানো হয়েছে, তা নিয়ে দ্বিমত পোষণের সুযোগ থাকছে কিন্তু গালি দেবার সুযোগ নেই।
তারা হেফাজত ইসলামকে আওয়ামী লীগ সংশ্লিষ্ট দাবি করেছেন। বলেন, আওয়ামী-সংশ্লিষ্ট রাজনৈতিক দল কীভাবে এই ধরণের পাবলিক সমাবেশ করে এ ব্যাপারেও লিগ্যাল নোটিশে উল্লেখ থাকবে।
তারা প্রশ্ন করেন, ইসলামী যে আইন দেশে আছে, সে অনুযায়ী কি হেফাজতের নেতারা তাদের পরিবারের নারীদের সম্পত্তি দিয়েছেন?
নারী সংস্কার কমিশনেকে সামনে রেখে, নারীকে পাবলিক স্পেসে ‘বেশ্যা’ বলার অধিকার কারো নেই, এই মর্মে অ্যাডভোকেট পলাশের মাধ্যমে আজ ৫ই মে দুপুরে তারা হেফাজতে ইসলামের বিরুদ্ধে এই নোটিশ পাঠান। যার প্রাপক হিসেবে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নাম উল্লেখ করা হয়েছে।
নোটিশে হেফাজতের বিরুদ্ধে কেন মানহানির মামলা করা হবে না, সে বিষয়ে ৭ দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়েছে। অন্যথায় নারীবিষয়ক সংস্কার কমিশনের সদস্যদের মানহানি করার অপরাধে হেফাজতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তারা।
নোটিশে আইনজীবী পলাশ হেফাজতের উদ্দেশে বলেছেন, আপনি/আপনারা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সব মতের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী না, আপনি/আপনারা দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরিতে মরিয়া। অন্তর্বর্তী সরকারের নারীবিষয়ক সংস্কার কমিশনের বিরুদ্ধে অসম্মানসূচক ও মানহানিকর বক্তব্য প্রকাশ ও প্রচার করেছেন। এটি নারীবিষয়ক সংস্কার কমিশনই শুধু নয়, বাংলাদেশের সব নারীর জন্যই মানহানি ও অবমাননাকর।
আরও বলা হয়, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন সম্পর্কে কমিশন বা সরকারের সঙ্গে কোনো আলোচনা না করে কমিশনের নারীনেত্রীদের গালিগালাজ করেছেন। যা সম্পূর্ণ আইন ও ধর্মের পরিপন্থী। ওই গালিগালাজকে আপনারা উৎসাহ দিয়েছেন। যার দায়ভার দল হিসেবে ও দলের নেতাকর্মী হিসেবে আপনাদের দল এবং আপনারা সম্মিলিতভাবে দায়ী।
নোটিশে বলা হয়, এই গালিগালাজ দণ্ডবিধির ৪৯৯ ও ৫০০ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এরই পরিপ্রেক্ষিতে এই আইনি নোটিশ পাঠানো যাচ্ছে।
