বান্দরবনে আদিবাসী নারীকে ধর্ষণের পর হত্যা: তিন বাঙালি সেটলারের বিরুদ্ধে অভিযোগ

বান্দরবনে আদিবাসী নারীকে ধর্ষণের পর হত্যা: তিন বাঙালি সেটলারের বিরুদ্ধে অভিযোগ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বান্দরবন, ৫ মে ২০২৫: বান্দরবনের থানছি উপজেলার তিন্দু ইউনিয়নের মংখয় পাড়া (খিয়াং পাড়া) এলাকায় আজ ভোরে এক আদিবাসী নারীকে (স্থানীয়ভাবে ‘খিয়াং মা’ নামে পরিচিত) জুমে ধান রোপণের কাজ করতে গিয়ে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজন বাঙালি সেটলারের বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগ এনেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্র জানায়, সকালে জুমে কাজ করতে গিয়ে ওই নারী নিখোঁজ হন। দীর্ঘ খোঁজাখুঁজির পর তার মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহে পাশবিক নির্যাতনের চিহ্ন স্পষ্ট—চোখ উপড়ে ফেলা, মাথায় গুরুতর আঘাত। এ দৃশ্য দেখে গ্রামবাসী হতবাক হয়ে পড়েন।
পরিবারের দাবি, হত্যার আগের দিন একই এলাকায় রাস্তার কাজে নিয়োজিত তিনজন বাঙালি সেটলারকে দেখে ভয় পেয়ে এক নারী জুম থেকে ফিরে আসেন। স্থানীয়দের ভাষ্য, এই তিনজনই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত এবং তারা আগেও গ্রামে ঘোরাফেরা করছিলেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, পাহাড়ে বারবার এ ধরনের পাশবিক সহিংসতা ঘটলেও প্রশাসনের কার্যকর ব্যবস্থা নেই। তাদের মতে, দীর্ঘদিন ধরে সেটলার ও নিরাপত্তা বাহিনীর প্রশ্রয়ে পাহাড়িদের ওপর দমন-পীড়ন চলছে।
এলাকাবাসীর একাংশ মনে করেন, পাহাড়ে নারীর প্রতি সহিংসতা একটি কাঠামোগত নিপীড়নের অংশ, যা দীর্ঘদিন ধরে চললেও বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতি প্রায় অনুপস্থিত। তারা বলছেন, এই হত্যার বিচার না হলে পাহাড়ে নারীর নিরাপত্তা আরও সংকটে পড়বে।
গ্রামবাসীর দাবি, দ্রুত তদন্ত করে অপরাধীদের বিচারের আওতায় আনা হোক। তারা সতর্ক করে বলেন, বিচার না হলে এলাকায় আরও অস্থিরতা বাড়বে। প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
Visited 57 times, 1 visit(s) today