নিজস্ব প্রতিবেদক
দেশের অন্যতম বেসরকারি উড়োজাহাজ সংস্থা নভোএয়ার অবশেষে তাদের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। অনেকদিন ধরেই এই প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছিল, যা এবার বাস্তবে রূপ নিল।
ইউনূস-সরকারের কঠোরতা ও ব্যবসায়ীদের প্রতি খড়গহস্থ হওয়ায় এই ঐতিহ্যবাহী কোম্পানি তাদের এয়ার ব্যবসা বন্ধ বরতে বাধ্য হয়েছে বলে মনে করেন এ খাতের সংশ্লিষ্টরা।
শুক্রবার রাতে নভোএয়ারের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মেসবাউল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, “শুক্রবার থেকে নভোএয়ারের ফ্লাইট পরিচালনা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।”
নভোএয়ারের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “আমাদের উড়োজাহাজগুলো বিক্রির প্রক্রিয়া চলছে। একটি পক্ষ ইন্সপেকশনে আসবে, তাই আপাতত ফ্লাইট বন্ধ রাখা হয়েছে। ভবিষ্যতে হয়তো আবার চালু হতে পারে।”
সম্প্রতি আর্থিক সংকটে থাকা নভোএয়ার বন্ধ হয়ে যেতে পারে এমন গুঞ্জন শোনা যাচ্ছিল। বিশেষ করে ১৯শে এপ্রিল হঠাৎ করে টিকিট বুকিং বন্ধ করে দেওয়ার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়। যদিও পরবর্তীতে তারা আবার ফ্লাইট পরিচালনা শুরু করে, এবার সেটিও বন্ধ হয়ে গেল।
২০২৪ সালের শুরুতে নভোএয়ার নেপালের ইয়েতি এয়ারলাইন্সের কাছে দুটি এটিআর ৭২-৫০০ মডেলের উড়োজাহাজ বিক্রি করে দেয়। ১লা ফেব্রুয়ারি উড়োজাহাজ দুটি ইয়েতি এয়ারলাইন্সের কাছে হস্তান্তর করা হয়। তখন নভোএয়ার জানিয়েছিল, দীর্ঘ রুটের জন্য নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনার অংশ হিসেবে স্বল্প দূরত্বে ব্যবহৃত উড়োজাহাজগুলো বিক্রি করছে তারা।
বর্তমানে প্রতিষ্ঠানটির বহরে ৫টি উড়োজাহাজ অবশিষ্ট রয়েছে।
নভোএয়ার ২০১৩ সালের ৯ই জানুয়ারি ঢাকা-চট্টগ্রাম রুটে যাত্রী পরিবহনের মাধ্যমে তাদের যাত্রা শুরু করে। এক দশকের বেশি সময় ধরে প্রতিষ্ঠানটি এক লাখের বেশি ফ্লাইট পরিচালনা করে প্রায় সাড়ে ৭০ লাখ যাত্রীকে সেবা দিয়েছে।
এয়ারলাইন্সটির রয়েছে দেশের প্রথম ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘স্মাইলস’, মোবাইল অ্যাপ, ওয়েব চেক-ইন এবং কো-ব্র্যান্ডেড কার্ডের মতো আধুনিক সুবিধা। ‘দ্য বাংলাদেশ মনিটর’ ম্যাগাজিনের জরিপে নভোএয়ার ২০১৪ ও ২০১৯ সালে ‘সেরা অভ্যন্তরীণ এয়ারলাইন্স’ এবং ২০২২ ও ২০২৩ সালে ‘সেরা অনটাইম পারফরম্যান্স’ পুরস্কার পায়।
ফ্লাইট বন্ধের আগে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর ও রাজশাহী রুটে ফ্লাইট পরিচালনা করছিল। ২০১৬ সালের ডিসেম্বরে তারা আন্তর্জাতিক রুটে ঢাকা-কলকাতা ফ্লাইট চালু করলেও ২০২৪ সালের ১৬ই সেপ্টেম্বর থেকে সেই রুটেও ফ্লাইট ‘সাময়িকভাবে’ বন্ধ রয়েছে।
ইতিমধ্যেই দেশে ইউনাইটেড এয়ারওয়েজ, জিএমজি এয়ারলাইন্স, রিজেন্ট এয়ারওয়েজসহ একাধিক বেসরকারি এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে। এবার সেই তালিকায় যুক্ত হল নভোএয়ারও।
