নিজস্ব প্রতিবেদক
প্রশাসনের জন্য প্রস্তাবিত ‘কালো আইন’ কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম।
ফোরামের সভাপতি এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বিবৃতিতে গতকাল এ বক্তব্য জানানো হয়। উল্লেখ্য সম্প্রতি ইউনূস সরকার প্রশাসনকে দমনপীড়ণের জন্য কঠোর ও কালো আইন করার ঘোষণা দিয়েছে। এতে প্রশাসনের ক্ষোভ বিরাজ করছে।
বিবৃতিতে বলা হয়, প্রশাসনে শৃঙ্খলা প্রতিষ্ঠার অজুহাতে সরকার যে কঠোর আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বলে সংবাদমাধ্যমে জানা গেছে, তা আসলে মতপ্রকাশের স্বাধীনতা ও ন্যায্য প্রতিবাদ দমনের একচেটিয়া প্রচেষ্টা। এ ধরনের আইন গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং তা কখনোই গ্রহণযোগ্য নয়।
ফোরামের পক্ষ থেকে আরও জানানো হয়, বর্তমানে প্রশাসনের উচ্চপর্যায়ে থাকা অনেক কর্মকর্তা দুর্নীতি, স্বজনপ্রীতি ও অসত্য বক্তব্যের সাথে জড়িত। তারা সাধারণ কর্মচারীদের আস্থা হারিয়েছেন। এইসব বিতর্কিত কর্মকর্তা এবং চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত একটি বিশেষ গোষ্ঠী পুরো প্রশাসনকে সরকারের বিরুদ্ধে দাঁড় করানোর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আইন দিয়ে শুধু শৃঙ্খলা ফেরানো সম্ভব নয়—এতে প্রভাবশালী দুর্নীতিবাজদের অপসারণ জরুরি।
ফোরাম আরও বলেছে, প্রশাসনে দক্ষতা ও স্বচ্ছতা ফিরিয়ে আনতে দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টাদের দুর্নীতিমুক্ত থেকে যোগ্যতার প্রমাণ দিতে হবে। তা না হলে প্রশাসনিক স্থবিরতা আরও বাড়বে।
ফোরামের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার উদ্দেশে আহ্বান জানানো হয়, বিতর্কিত ও দুর্নীতিপরায়ণ কর্মকর্তাদের দ্রুত অপসারণ করতে হবে। অন্যথায় সংগঠন বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।
