আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা

আগস্টে পে-স্কেলের প্রজ্ঞাপন না হলে সরকারি কর্মচারীদের বৃহত্তর আন্দোলনের ঘোষণা
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


আগামী আগস্ট মাসের মধ্যে নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি।

আজ ২৬শে জুলাই, রোববার সংগঠনটির সদস্য সচিব আশিকুল ইসলামের পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সময়োপযোগী, বাস্তবসম্মত ও ন্যায্য বেতন কাঠামোর প্রত্যাশা করে আসছেন। কিন্তু এখনো নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন জারি না হওয়ায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আশিকুল ইসলাম বলেন, নতুন পে-স্কেল বাস্তবায়নের প্রজ্ঞাপন কোথায় আটকে আছে, তা নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। দীর্ঘদিনের এই প্রত্যাশা পূরণে সরকারের দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।

নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি কর্মদক্ষতা ও জনসেবার মানও বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি বলেন, আগস্টের মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে প্রথমে সরকারের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে। সেই আলোচনা ফলপ্রসূ না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি সবসময় শান্তিপূর্ণ, দায়িত্বশীল ও গণতান্ত্রিক কর্মসূচিতে বিশ্বাসী। তাই প্রথমেই আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর চেষ্টা করা হবে।

তবে সেই প্রচেষ্টা ব্যর্থ হলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য, এর আগে সরকার নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ঘোষণা দিলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। ফলে নতুন বেতন কাঠামো বাস্তবায়ন নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অপেক্ষা ও অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।

Visited 7 times, 1 visit(s) today