অবৈধ ট্রাইব্যুনাল বাতিল এবং প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে আওয়ামী লীগের কর্মসূচি

অবৈধ ট্রাইব্যুনাল বাতিল এবং প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে আওয়ামী লীগের কর্মসূচি
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

ইউনূস সরকারের গঠিত অবৈধ ট্রাইব্যুনাল বাতিল এবং প্রহসনমূলক বিচার বন্ধের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। শনিবার সংগঠনটির অফিসিয়াল ফেসবুক থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যম এই ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রাষ্ট্রের ইতিহাসের দায়মোচনের লক্ষ্যে ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর সরকার কর্তৃক প্রণীত আন্তর্জাতিক অপরাধ আইনের আওতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার মুক্তিযুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের উদ্যোগ গ্রহণ করেছিলেন। জাতির অঙ্গীকার পূরণে এই আইনের আওতায় যুদ্ধাপরাধীদের বিচার হয়েছিল। এই বিচার সারা পৃথিবীতে প্রশংসিত হয়েছিল। এই বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করা এবং এই বিচারের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাসহ আওয়ামী লীগ ও মুক্তিযুদ্ধের আদর্শ লালনকারী নেতৃবৃন্দের বিরুদ্ধে এক ঘৃণ্য প্রতিশোধ নেয়ার লক্ষ্যে স্বাধীনতাবিরোধী শক্তি এবং অসাংবিধানিক ও অবৈধ তথাকথিত অন্তবর্তী সরকার বঙ্গবন্ধু কন্যা ও অন্যান্য নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক তথ্যের ভিত্তিতে গণহত্যার মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা‌ দায়ের করে। আইনের শাসনের সকল নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা ইতিহাসের জঘন্যতম এই প্রহসনমূলক ও অবৈধ বিচার কার্যক্রম গ্রহণ করেছে।

আরও বলা হয়, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের উদ্যোগে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সাথে যুক্ত ব্যক্তিবর্গের বিচারের জন্য যে ট্রাইবুনাল গঠন করা হয়েছিল, ন্যায় বিচারের সকল রীতিনীতি লংঘন করে সেই ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের আইনজীবীকে চিফ প্রসিকিউটর এবং দলীয় ব্যক্তিদেরকে ট্রাইব্যুনালের বিচারক নিয়োগ করা হয়। ঘৃণ্য রাজনৈতিক উদ্দেশ্যে ট্রাইব্যুনাল আইন সংশোধনের উদ্যোগ নেয়া হয়। আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের সকল রাজনৈতিক শক্তিকে কোণঠাসা করার লক্ষ্যে এই ট্রাইব্যুনালকে সম্পূর্ণ অসাংবিধানিক ও বেআইনিভাবে ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের মানুষ এবং বিশ্ব সম্প্রদায় এই ষড়যন্ত্রমূলক, মানবতা বিরোধী, মানবাধিকার ও মৌলিক অধিকার পরিপন্থী এবং গণতন্ত্রের জন্য ধ্বংসাত্মক এই উদ্যোগকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে।

বাংলাদেশ আওয়ামী লীগ অসাংবিধানিক ও অবৈধ সরকারের এই ঘৃণ্যতম মধ্যযুগীয়, জঘন্য এবং অসাংবিধানিক ও বেআইনি কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ, নিন্দা ও তীব্র ঘৃণা জানাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগ সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই ঘৃণ্য প্রক্রিয়া বাতিল করার জন্য আহ্বান জানাচ্ছে। দেশবাসীকে এই অবৈধ ও প্রহসন মূলক প্রক্রিয়ার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। পাশাপাশি, বাংলাদেশে এই মানবতা বিরোধী, জঘন্য ও প্রহসন মূলক বিচারের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।

আমরা জানতে পেরেছি, অসাংবিধানিক ও অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনূস সরকার কতৃক গঠিত অবৈধ ট্রাইব্যুনালে প্রহসনমূলক বিচারের প্রক্রিয়ার অংশ হিসেবে মিথ্যা ও ভিত্তিহীন হত্যা মামলায় বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা ও অন্যান্য অনেকের বিরুদ্ধে বানোয়াট চার্জশিট প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ দৃঢ়ভাবে এই অবৈধ ট্রাইব্যুনাল বাতিল এবং প্রহসনমূলক বিচারের কার্যক্রম বন্ধের দাবিতে কর্মসূচি গ্রহণ করেছে।

বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচি:

২০ এপ্রিল সারা দেশে সকল জেলায় কালো পতাকা নিয়ে এবং মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল এবং প্রত্যেক জেলায় প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান।

২০ এপ্রিল বা ২১ এপ্রিল বা ২২ এপ্রিল (সুবিধাজনক তারিখে) বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলো ও মিশনগুলোতে কালো পতাকা নিয়ে, মুখে কালো কাপড় বেঁধে বিক্ষোভ ও প্রতিবাদ এবং স্মারক লিপি প্রদান।

Visited 296 times, 1 visit(s) today