ড. শামীম আহমেদ
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহি চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে দেশে যদি বিনিয়োগ বাড়ে আমি তাতে খুশি হবো। ইউনুসের আমলে হচ্ছে বলে তাতে মন খারাপ করতে হবে, এমন মানুষ আমি না। তাছাড়া আমরা সবাই জানতাম আওয়ামী লীগের সময় দেশে অনেক উন্নতি হলেও Foreign Direct Investment বা বৈদেশিক বিনিয়োগের অবস্থা মোটেও ভাল ছিল না। পদে পদে প্রতিবন্ধকতা, দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা এই দেশে কাউকে বিনিয়োগ করতে উৎসাহিত করেনি।
তবে বিনিয়োগের ব্যাপারে আশাবাদী হতে চাই, কিন্তু একজন বিশ্লেষক হিসেবে আমি তথ্য-উপাত্তের উপর নির্ভর করি। তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এখনও উৎসাহব্যঞ্জক কিছু দেখছি না। যারা এই সম্মেলনে এসেছেন তারা বেশীরভাগই দ্বিতীয় কিংবা তৃতীয় শ্রেণীর উদ্যোক্তা। যেসব বিনিয়োগের খবর পত্রিকা বা টিভিতে দেখানো হচ্ছে সেগুলোর অধিকাংশ আওয়ামী লীগের সময় শুরু হওয়া আলোচনার পুনর্প্রচার। তার মানে তথ্য প্রচারে একধরণের শঠতা আমরা দেখতে পাচ্ছি। আর পত্রিকা এবং টিভিগুলোতে এখন কোন খবর দেখানো হবে, সেগুলোর শিরোনাম কী হবে সেগুলো কোথা থেকে তৈরী করে দেয়া হচ্ছে তাও আমরা জানি। সুতরাং সেগুলো দেখে বিভ্রান্ত হবার সুযোগ নেই।
বাংলাদেশের বেশীরভাগ মানুষ কুটিল কিন্তু সরল এবং তারা নিজেদের অবস্থানের পক্ষে যেকোন তথ্যই লুফে নেয়, তাই তাদের বোকা বানানো সহজ, কিংবা তারা বোকা হতে উন্মুখ থাকে। যেমন ইলন মাস্কের স্টারলিংক দেশে আসা কোনভাবেই খুব আহামরি কিংবা অনুপ্রেরণাদায়ক কোনো খবর নয়। স্টারলিংক পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ইন্টারনেট সার্ভিস। এটি বাংলাদেশে আনার প্রাথমিক খরচই হতে পারে ১০০ মিলিয়ন ডলারের উপর। এরপর বাসা প্রতি যন্ত্রপাতি বসানোর খরচ প্রায় ৫০ হাজার টাকা এবং মাসিক ফি ১২ হাজার টাকার উপর।
এই বিপুল অংকের টাকা ইউনুস গং দেশের উন্নয়নের জন্য ব্যয় করছেন এটা ভাবার কোন অবকাশ নাই। ইউনুস সাহেব একজন শঠ ও স্বার্থপর মানুষ। আমেরিকায় তার হারানো গ্রহণযোগ্যতা ফিরিয়ে আনার জন্য তিনি এখন ট্রাম্প ও ইলন মাস্ককে দেশের অর্থ খরচ করে কিনে নেয়ার চেষ্টা করছেন। এই স্টারলিংক দেশের গুলশান-বনানী-বারিধারা-বসুন্ধরা-ধানমন্ডির সেইসব উচ্চবিত্ত পরিবারই কেবল ব্যবহার করতে পারবে যারা ইউনুস সাহেবের মাস্টারমাইন্ড হিসেবে গত একযুগ ধরে কাজ করে আসছে। বান্দরবন, খাগড়াছড়ি, মাদারিপুরের মানুষের কোনো কাজে এই জিনিস আসবে না।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহি চেয়ারম্যান তরুণ, তিনি বাংলাদেশের পতাকা নিয়ে প্রায় ৫০ হাজার ফুট উপর থেকে লাফ দিয়ে মাটিতে নেমেছেন, গিনেস রেকর্ড করেছেন – এই ব্যাপারগুলো ফেলনা নয়। ইউনুস যে অন্তত একজন পেটমোটা দুর্নীতিবাজ আমলাকে এই পদে নিয়োগ দেন নাই, এই ধন্যবাদটুকু পেতে পারেন। বাকিটা সময় বলে দেবে। আশাবাদী হতে চাই, তবে সেটি তথ্য-উপাত্তের ভিত্তিতে। বাতাবিলেবুর এই যুগে পত্রিকার খবর পড়ে বা টেলিভিশনের নিউজ দেখে আমি কোন সিদ্ধান্তে উপনীত হচ্ছি না।
[লেখক পরিচিত: লেখক ও গবেষক, ওন্টারিও, কানাডা]
