মানিকগঞ্জে সাংবাদিককে বিএনপি নেতার হুমকি- ‘কুত্তার বাচ্চা, তোর অবস্থা কী করি দেখবি’

মানিকগঞ্জে সাংবাদিককে বিএনপি নেতার হুমকি- ‘কুত্তার বাচ্চা, তোর অবস্থা কী করি দেখবি’
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

মাদক সেবনের সংবাদ প্রকাশের জেরে মানিকগঞ্জের সিঙ্গাইরে বিএনপি নেতা নূরে আলমের বিরুদ্ধে দৈনিক ইত্তেফাকের উপজেলা প্রতিনিধিকে অশ্লীল ভাষায় গালাগাল করে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেছেন।

তিনি অভিযোগ করেন, ওই বিএনপি নেতা তাকে ফোন করে বলেন, “কুত্তার বাচ্চা, তোর অবস্থা কী করি দেখবি।”

এদিকে, সাংবাদিকের পাশাপাশি নূরে আলমের এক কর্মীকে গ্রেপ্তারের কারণে পুলিশকেও হুমকি-ধমকি দিয়েছেন তিনি। এ ঘটনায় থানা পুলিশও তার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছে।

পুলিশ ও দায়েরকৃত সাধারণ ডায়েরি থেকে জানা যায়, গত সোমবার দৈনিক ইত্তেফাকের সিঙ্গাইর উপজেলা প্রতিনিধি মানবেন্দ্র চক্রবর্তী মাদক সেবনের সংবাদ প্রকাশ করেন। এর জেরে, ওই দিন দুপুরে সিঙ্গাইর পৌর বিএনপির প্রচার সম্পাদক নূরে আলম বাবুল তার মোবাইল ফোন থেকে মানবেন্দ্র চক্রবর্তীকে ফোন করে সংবাদ প্রকাশের কারণে অশ্লীল ভাষায় গালাগাল শুরু করেন।

এ সময় নূরে আলম বলেন, “যুবদলের মদ খাওয়ার কথা লেখছিস? তোর হাড্ডি ভেঙে দেব। ২০১৩ সালের কথা মনে নাই? তোর কোন বাপ আছে, দেখিয়ে দেব। আওয়ামী লীগের আমলে পার পেয়ে গেছিস, তোর কিছুই হয় নাই। এখন কথা কম, কুত্তার বাচ্চা। তুই গোবিন্দল গ্রাম সম্বন্ধে কিছুই জানিস না। তোর কী অবস্থা করি, দেখবি।”

সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তী বলেন, থানায় মাতাল অবস্থায় গ্রেপ্তার দুই যুবদল নেতার সংবাদ ইত্তেফাকসহ অন্যান্য সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়। ইত্তেফাকে সংবাদ প্রকাশের কারণে নূরে আলম তাকে অশ্লীল ভাষায় গালাগালি করেন এবং হত্যার হুমকি দেন।

তিনি জানান, ভবিষ্যতে নূরে আলম তার বড় ধরনের ক্ষতি করতে পারেন, এ নিয়ে তিনি আতঙ্কিত। তাই তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন এবং তার দলের সিনিয়র নেতৃবৃন্দকেও অবগত করেছেন।

সাংবাদিককে হুমকির বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা বলেন, থানায় মাতলামি করার কারণে যুবদলের দু’জনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নূরে আলম বাবুল কেন সাংবাদিককে হুমকি দেবেন? অভিযোগের সত্যতা পেলে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জ পুলিশ সুপার ইয়াসমিন খাতুন সাংবাদিকদের বলেন, নূরে আলমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানার ওসিকে বলা হয়েছে।

ওসি তৌফিক আজম বলেন, নূরে আলমের লোককে গ্রেপ্তার করায় থানার এক এসআইকেও হুমকি ধমকি দিয়েছেন নূরে আলম। গত ৫ এপ্রিল তার বিরুদ্ধে এক এসআই থানায় সাধারণ ডায়েরি করেছেন। সাংবাদিককে হুমকি ধমকির বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Visited 42 times, 1 visit(s) today