নববর্ষে মঙ্গল শোভাযাত্রা ও মূর্তি ব্যবহার করা যাবে না: চরমোনাই পীর

নববর্ষে মঙ্গল শোভাযাত্রা ও মূর্তি ব্যবহার করা যাবে না: চরমোনাই পীর
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

বাংলা নববর্ষ উদযাপনে ইসলামবিরোধী কোনো কিছু না করার হুমকি দিয়েছেন চরমোনাই পীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম।

তিনি বলেছেন, বাংলা নববর্ষ উদ্যাপন করার নামে ইসলাম সমর্থন করে না এমন কোনো কিছু করা যাবে না। বাংলা নববর্ষ উদযাপনে ‘মঙ্গল শোভাযাত্রা’ নামে কোনো আয়োজন করা যাবে না। ‘মঙ্গল’ শব্দ ও ধারণা বাদসহ নববর্ষের দিন মূর্তি উপস্থাপন বাদ দিয়ে নববর্ষ পালন করতে হবে।

বুধবার দলের সিনিয়র নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বাংলা নববর্ষ উদযাপন বিষয়ে এসব কথা বলেন। পরবর্তীতে দলীয় বিবৃতির মাধ্যমে তা জানানো হয়।

দলীয় বিবৃতিতে বলা হয়, বাদশাহ আকবর ইসলামি বর্ষপঞ্জিকাকে ভিত্তি ধরে সৌরবর্ষ গণনার জন্য বাংলা সন প্রবর্তন করেছিলেন। এই সনের প্রবর্তনের সঙ্গে মুসলমানদের ইতিহাস-ঐতিহ্য জড়িত। একই সঙ্গে এই অঞ্চলের মানুষ হাজার বছর ধরে মুসলমান হওয়ার কারণে তাদের আচার-প্রথা ও সংস্কৃতিতে ইসলামবিরোধী কোনো কিছুর অস্তিত্ব কল্পনা করা যায় না।

ফয়জুল করিম বলেন, নববর্ষের দিন ইসলামবিরোধী পোশাক পরিধান করা যাবে না।

তিনি আরও বলেন, ওই দিন মানুষ শালীনতা ও ইতিহাস-ঐতিহ্য সমর্থিত পন্থায় নানা আয়োজন করতে পারে। তবে, সেই দিন মঙ্গল শোভাযাত্রা করা গোনাহের কাজ। তাই মঙ্গল শোভাযাত্রা বাদ দিয়ে অনুষ্ঠান আয়োজন করতে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নববর্ষের আয়োজন থেকে ‘মঙ্গল’ শব্দ ও ধারণা বাদ দেওয়ার আহ্বান জানানো হয়েছে বিবৃতিতে। বলা হয়, ‘নববর্ষের আয়োজনে মূর্তিসহ ইসলাম অসমর্থিত সবকিছু বাদ দিন। বরং এ দেশের হাজার বছরের ইতিহাস-ঐতিহ্যকে বিবেচনা করে ইসলাম সমর্থিত ধারণা ও উপকরণ ব্যবহার করুন।’

Visited 127 times, 1 visit(s) today