বগুড়া কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, হত্যার অভিযোগ স্বজনদের

বগুড়া কারাগারে আরও এক আওয়ামী লীগ নেতার মৃত্যু, হত্যার অভিযোগ স্বজনদের
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

কারাগারে মৃত্যুর মিছিল বাড়ছে। বগুড়া কারাগার যেন এক মৃত্যুকূপ। ৫ই আগস্টের রাজনৈতিক পট-পরিবর্তনের পর থেকে এ পর্যন্ত ৫ জন আওয়ামী লীগ নেতার মৃত্যু ঘটেছে এই কারাগারে।

সর্বশেষ আজ ১১ই মার্চ, মঙ্গলবার সকাল ৭টার দিকে জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে এমদাদুল হক ভট্টু (৫১) নামের একজন কারাবন্দী আওয়ামী লীগ নেতা। তিনি গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক ছিলেন।

বগুড়া জেলা কারাগারের জেলার সৈয়দ শাহ শরীফ এমদাদুল হকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে এমদাদুল হকের স্বজনরা একে রাজনৈতিক হত্যাকাণ্ড বলে দাবি করেছেন। তারা আগের চার আওয়ামী লীগ নেতার ‘রহস্যজনক’ মৃত্যুর মত এ ঘটনাটিকেও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত হত্যা বলে আখ্যা দিয়ে এর সঠিক বিচার দাবি করেছেন।

উল্লেখ্য, এর আগেও বগুড়া জেলা কারাগারে বন্দী থাকাকালীন অসুস্থ হয়ে আওয়ামী লীগের চার নেতা মারা যান। তারা হলেন- বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহাদত আলম ঝুনু, গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দুর্গাহাটা ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আব্দুল লতিফ এবং বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রতন। এর মধ্যে আব্দুল মতিন মিঠু গত জানুয়ারিতে মারা যান।

জেলার সৈয়দ শাহ শরীফ জানান, বিস্ফোরক ও ভাঙচুর মামলায় গ্রেপ্তার এমদাদুল হক ভট্টুকে গত ২৬শে ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়।

জেলারের দাবি, যেদিন কারাগারে আনা হয় সেদিনই এমদাদুল হকের উচ্চ রক্তচাপজনিত জটিলতা ছিল। সেদিনই তাকে কারাহাসপাতালে ভর্তি করানো হয় এবং তিনি সুস্থ হয়ে ওঠেন। মঙ্গলবার সেহরির পর সকালে হঠাৎ অসুস্থতা অনুভব করেন তিনি। পরে তাকে দ্রুত শজিমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন কারাগারে আওয়ামী লীগের নেতাকর্মীদের রহস্যজনক মৃত্যুর অনেক ঘটনা ঘটেছে সাম্প্রতিক সময়ে। এ নিয়ে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং অন্যান্য মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ জানিয়েছে।

যৌথবাহিনীর অভিযানে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী মুন্নুজান সুফিয়ানের ভাগিনাও নিহত হন। এছাড়া, গাইবান্ধা, গোপালগঞ্জ, বগুড়া, সিরাজগঞ্জ, গাজীপুর, নীলফামারীসহ একাধিক জেলায় কারাগারে বন্দিদের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহতের একাংশের তালিকা: (গণমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে)
  • গাইবান্ধা: যৌথবাহিনীর অভিযানে ২ জন নিহত
  • গোপালগঞ্জ: কারাগারে ২ জনের মৃত্যু
  • বগুড়া: কারাগারে ৪ জন আওয়ামী লীগ নেতা নিহত
  • সিরাজগঞ্জ: কারাগারে আওয়ামী লীগ নেতা নিহত
  • গাজীপুর: কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
  • নীলফামারী: কারাগারে যুবলীগ নেতার মৃত্যু
  • নোয়াখালী: যৌথবাহিনীর অভিযানে ছাত্রদল নেতার মৃত্যু
  • কুমিল্লা: যৌথবাহিনীর হাতে পাথুরিয়া ইউপি যুবদল আহ্বায়ক তৌহিদ নিহত
  • শরীয়তপুর: ডিবির হাতে মিলন বেপারী নিহত
  • ময়মনসিংহ: যৌথবাহিনীর হাতে যুবদল নেতা নিহত
  • ব্রাহ্মণবাড়িয়া: সেনাবাহিনীর নির্যাতনে এক প্রবাসীর মৃত্যুর অভিযোগ

এছাড়াও সন্দ্বীপে নৌবাহিনীর অভিযানে স্বেচ্ছাসেবক দল নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে।

পড়ুন: পাঁচ মাসে পুলিশ-যৌথবাহিনীর হেফাজতে মৃত্যু ১৭; আছে কারা হেফাজতে মৃত্যুর অভিযোগও

মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগ

মানবাধিকার কর্মীরা বলছেন, এসব ঘটনা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও হেফাজতে নির্যাতনের বহিঃপ্রকাশ। আইন ও বিচার প্রক্রিয়ার তোয়াক্কা না করেই ক্ষমতাসীন সরকার বিরোধী দল ও ভিন্নমতাবলম্বীদের দমন করছে বলে অভিযোগ উঠছে।

সচেতন ব্যক্তিমহল বলছেন, এসব হত্যাকাণ্ডের স্বচ্ছ তদন্ত ও দায়ীদের শাস্তি নিশ্চিত করা না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি হতে পারে। একইসঙ্গে, রাজনৈতিক প্রতিহিংসার বলি যেন সাধারণ জনগণ না হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে।

পড়ুন: পাঁচ মাসে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নিপীড়নের ভয়াবহ চিত্র মানবাধিকার প্রতিবেদনে

এসব ঘটনার প্রেক্ষিতে সরকারের বিভিন্ন পর্যায় থেকে দায়সারা প্রতিক্রিয়া দেখানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, এসব মৃত্যুর বেশিরভাগই আত্মহত্যা, হৃদরোগ বা অসুস্থতার কারণে হয়েছে। যদিও নিহতদের পরিবার ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, এসব সত্য নয়। সরকারি হেফাজতে নির্যাতনের কারণেই এসব মৃত্যু ঘটেছে।

বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও হেফাজতে মৃত্যুর ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলও নজর রাখছে। এখন দেখার বিষয়, সরকার এ বিষয়ে কী পদক্ষেপ নেয় এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন হয় কি না।

কারা হেফাজতে রাজনৈতিক নেতৃবৃন্দের অস্বাভাবিক মৃত্যুর বিভিন্ন তথ্য এখানে

Visited 24 times, 1 visit(s) today