নিজস্ব সংবাদদাতা
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
১০ই মার্চ, সোমবার রাতে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার মো. ফারুক (২৮) চরপাথরঘাটা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সৈন্যরটেক এলাকার বাসিন্দা। তিনি ওই কিশোরীর ভগ্নিপতি হন।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ জানান, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।
জানা যায়, রোববার সকালে শ্বশুড়বাড়িতে বেড়াতে আসেন ফারুক। রাতে সবাই ঘুমিয়ে পড়লে সুযোগ নেন তিনি। শ্যালিকার কক্ষে গিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। পরে কিশোরী চিৎকার দিলে বিষয়টি জানাজানি হয়।
এসময় আশপাশের মানুষ এসে লম্পট ফারুককে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে।
মামলার এজাহারে জানা যায়, ফারুক শ্বশুরবাড়ি বেড়াতে গেলে প্রায়শ ভুক্তভোগী কিশোরীকে উত্যক্ত করত। এ নিয়ে শ্বশুর তার জামাতা ফারুককে কয়েকবার সতর্ক করলেও তা কানে নেয়নি লম্পট জামাতা।
