সংবাদ প্রতিবেদন
সব ধরনের জনতা সমস্যা তৈরি করছে, তবে সরকার সবার নিয়ন্ত্রণও করছে— এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
১৭ই ফেব্রুয়ারি, সোমবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ড সদর দপ্তরের ৩০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি “তৌহিদি জনতার মব” প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
দেশের বিভিন্ন এলাকায়, বিশেষ করে অমর একুশে বইমেলা চলাকালে, “তৌহিদি জনতা” নামে মব তৈরি হওয়ার অভিযোগ উঠছে, এমনকি ফুলের দোকানেও ভাঙচুর করা হয়েছে। এ বিষয়ে সাংবাদিকরা সরকারের পদক্ষেপ জানতে চান।
এসময় তাদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, “সব জনতাই বিভিন্ন সমস্যা সৃষ্টি করছে, তবে আমরা সবারই নিয়ন্ত্রণ করছি। আমাদের দায়িত্ব হচ্ছে সব জনতাকে নিয়ন্ত্রণ করা। কোন ধরনের জনতা কী উদ্দেশ্যে মব তৈরি করছে, তার বিষয়ে গণমাধ্যমকে লক্ষ্য রাখতে হবে। দেশের জন্য যা উপকারী, সেটাই দেখতে হবে। ব্যক্তিগত লাভের চেয়ে দেশের জন্য যা লাভজনক, সেটাকেই অগ্রাধিকার দিতে হবে।”
কোস্ট গার্ডের কার্যক্রম সম্পর্কে উপদেষ্টা বলেন, “কোস্ট গার্ড আমাদের নদীপথ ও উপকূলীয় নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন করছে এবং তারা তা খুব ভালোভাবে করছে। মিয়ানমার সীমান্তে মাঝে মাঝে সমস্যা দেখা দেয়, কিন্তু কোস্ট গার্ড এসব সমস্যার সফল সমাধান করছে। এছাড়া, পার্শ্ববর্তী দেশের জেলেরা আমাদের সীমায় প্রবেশ করে মাছ শিকার করে, এমন পরিস্থিতিতেও কোস্ট গার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মির প্রবেশের পরিপ্রেক্ষিতে উপদেষ্টা বলেন, “আমরা জানি, মিয়ানমারের সঙ্গে আমাদের যে সীমান্ত রয়েছে, সেখানে বর্তমান মিয়ানমার সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। এ কারণে কোস্ট গার্ড এবং বিজিবির জন্য কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে, তবে তারা সফলভাবে দায়িত্ব পালন করছে এবং আমাদের উপকূল এলাকা সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এখানে কোনো ধরনের সমস্যা নেই।”
রোহিঙ্গা সমস্যা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সীমান্তে এবং টেকনাফে রোহিঙ্গা সমস্যা আছে, তবে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন তুলে নেওয়ার বিষয়টি আমাদের ‘দীর্ঘদিনের’ চেষ্টা ছিল। রোহিঙ্গাদের পাসপোর্ট পাওয়া সহজ হবে না, কারণ ভোটার আইডি ছাড়া পাসপোর্ট দেওয়া সম্ভব নয়। আমরা নিশ্চিত করব যে, রোহিঙ্গারা যেন জাতীয় পরিচয়পত্র না পায়। যারা পাসপোর্ট পেয়েছে, তাদের যাচাই-বাছাই করা হবে। তবে এখন পর্যন্ত কতজন পাসপোর্ট পেয়েছে, তা বলা সম্ভব নয়।”
