পঞ্চগড়ে দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’

পঞ্চগড়ে দেয়ালে দেয়ালে ‘জয় বাংলা’
শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে মুক্তিযুদ্ধের অবিনাশী ‘জয় বাংলা’ স্লোগানসহ বিভিন্ন লেখা দেখা গেছে। তবে কারা এসব লিখেছে, সে বিষয়ে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেনি।

শুক্রবার, ৩১শে জানুয়ারি সকাল থেকে দেবীগঞ্জ পৌরসভার বিভিন্ন প্রতিষ্ঠানের দেয়ালে এ লেখা সাধারণ মানুষের নজরে আসে।

সরেজমিনে দেখা যায়, পৌরসভার শহীদ আব্দুল মান্নান সড়ক সংলগ্ন উপজেলা পরিষদ চত্বর, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় ও শেখ রাসেল মিনি স্টেডিয়ামের দেয়ালে লাল, কালো ও নীল রঙের কালি দিয়ে ‘জয় বাংলা’, ‘জয় শেখ হাসিনা’ এবং ‘শেখ হাসিনা তুমি আস্থা’ এমন স্লোগান লেখা হয়েছে।

গত ৫ই আগস্টের পর দেবীগঞ্জে আওয়ামী লীগ, ছাত্রলীগসহ তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। এরপর তাদের কোনো প্রকাশ্য তৎপরতা লক্ষ্য করা যায়নি। তবে, হঠাৎ এই দেয়াল লিখনের মাধ্যমে তাদের সক্রিয়তার আভাস পাওয়া যাচ্ছে।

এদিকে, ছাত্রলীগের অফিসিয়াল পেজ থেকে শুক্রবার দুপুর ১টায় দেবীগঞ্জের বিভিন্ন দেয়ালে লেখা এসব স্লোগানের ছবি ও ভিডিও শেয়ার করা হয়।

তবে, এ বিষয়ে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

Visited 52 times, 1 visit(s) today