ঢাবি অধ্যায় শেষ হতে না হতেই এবার ইউজিসি ভবনের গেটে তালা দিলেন শিক্ষার্থীরা

ঢাবি অধ্যায় শেষ হতে না হতেই এবার ইউজিসি ভবনের গেটে তালা দিলেন শিক্ষার্থীরা
শেয়ার করুন

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দাবির প্রতি শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি কর্তৃপক্ষের উদাসীনতা দেখে রাজধানীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ভবনের গেটে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ২৪টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতি বহাল রাখার দাবিতে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেল পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় থেকে তাদের দাবির ব্যাপারে কোনো সিদ্ধান্ত না আসায়, শিক্ষার্থীরা ইউজিসি ভবনের মূল গেটে তালা ঝুলিয়ে অবস্থান নেন। আন্দোলনরত শিক্ষার্থী সিয়াম হাসান বলেন, “গতকাল ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে আজকের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। তারা বলেছিলেন বিশ্ববিদ্যালয়গুলোকে গুচ্ছ পদ্ধতিতে বাধ্য করা হবে। কিন্তু আজ দুপুর হয়ে গেলেও আমরা কোনো নির্দেশনা পাইনি।”

তিনি আরও বলেন, “অফিস সময় শেষ হয়ে গেলে ইউজিসি বলবে, ‘আজ তো অফিস সময় শেষ, আগামীকাল দেখা হবে।’ তাই আমরা চাই আজকের মধ্যে নির্দেশনা আসুক। দাবি না মানা পর্যন্ত আমরা গেটের তালা খুলবো না।”

এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনের সামনে অবস্থান নেন এবং তাদের হাতে “২৪-এর বাংলায় ২৪ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ চাই” লেখা ব্যানার এবং ফেস্টুন দেখা যায়। তাদের সঙ্গে কয়েকজন অভিভাবকও অবস্থান নেন।

শিক্ষার্থীরা জানান, রবিবার ইউজিসি তাদের সঙ্গে আলোচনা করে সুপারিশ পাঠালেও কোনো দৃশ্যমান ফল মেলেনি। তাই তারা আবারও আজ এই অবস্থান কর্মসূচি শুরু করেছেন। তাদের দাবি, ২৪ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ে গুচ্ছ পদ্ধতি বহাল রাখতে রাষ্ট্রপতির আদেশ জারি করতে হবে। পাশাপাশি, গুচ্ছ পদ্ধতিতে কিছু যৌক্তিক সংস্কারও তারা চান।

উল্লেখ্য, রবিবার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি বহাল রাখার দাবিতে শিক্ষার্থীরা ইউজিসির দিকে লং মার্চ কর্মসূচি পালন করেন। ইউজিসির সামনে পৌঁছালে কর্তৃপক্ষ তাদের আলোচনায় বসতে আহ্বান জানায়, তবে শিক্ষার্থীরা তাদের দাবি পূর্ণ গ্রহণ না করা পর্যন্ত আলোচনায় বসতে অস্বীকার করেন।

Visited 54 times, 1 visit(s) today