একাত্তরের অমীমাংসিত বিষয় সমাধানের জন্য পাকিস্তানকে আহ্বান ইউনূসের

একাত্তরের অমীমাংসিত বিষয় সমাধানের জন্য পাকিস্তানকে আহ্বান ইউনূসের
শেয়ার করুন
সংবাদ প্রতিবেদন

মুক্তিযুদ্ধের অমীমাংসিত বিষয়গুলো সমাধানের জন্য পাকিস্তানি রাষ্ট্রপ্রধানকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস।

আজ বৃহস্পতিবার ১৯শে ডিসেম্বর ডি৮ সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের মধ্যে বৈঠকে তিনি এ কথা বলেন।

“বিষয়গুলো বারবার উঠে আসছে। এগুলো সমাধান করুন যেন আমরা একসাথে এগিয়ে যেতে পারি,” পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজকে বলেছেন ইউনূস।

এসময় শাহবাজ জানান, বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের মধ্যে ১৯৭৪ সালের ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে অনেক বিষয় সমাধান হয়েছে। তবে আরও কোনো অমীমাংসিত বিষয় থাকলে তিনি তা বিবেচনা করতে প্রস্তুত।

বৈঠকে বাণিজ্যিক, ব্যবসায়িক, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে দুই দেশের সম্পর্ক জোরদারের বিষয়ে উভয়পক্ষ সম্মত হন।

শাহবাজ এসময় চিনিশিল্প ও ডেঙ্গু ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেন।

ড. ইউনূস ও শাহবাজ সার্ককে পুনরুজ্জীবিত করার বিষয়ে আলাপ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইউনূসের পররাষ্ট্রনীতির গুরুত্বপূর্ণ অংশ ছিল সার্ক।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ ঢাকা ও ইসলামাবাদের মধ্যে কৌশলগত সম্পর্ক প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে বলেন, “আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী।”

তিনি এসময় বাংলাদেশে পরিচালিত রাষ্ট্রীয় চিনিকলগুলোর উন্নত ব্যবস্থাপনার জন্য কারিগরি সহায়তার প্রস্তাব দেন। সেই সাথে বাংলাদেশে ডেঙ্গু প্রাদুর্ভাবে মৃত্যুর জন্য শোক প্রকাশ করেন এবং প্রস্তাব দেন, ডেঙ্গু মোকাবিলায় পাকিস্তানের অভিজ্ঞতা থেকে ঢাকা উপকৃত হতে পারে।

“এক দশক আগে পাঞ্জাবে ডেঙ্গুর বিরুদ্ধে আমাদের লড়াই বিশ্বমানের বলে প্রশংসিত হয়। আমরা বাংলাদেশে প্রতিনিধি দল পাঠাতে পারি যাদের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ উপকৃত হবে,” তিনি বলেন।

বাংলাদেশকে সমর্থনের জন্য শাহবাজকে ধন্যবাদ জানান ড. ইউনূস এবং পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

বৈঠকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং ড. ইউনূসের বিশেষ দূত লুৎফে সিদ্দিকীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

লুৎফে সিদ্দিকী এসময় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দারকে ফেব্রুয়ারিতে মালয়েশিয়া সফরের পথে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং তিনি তা গ্রহণ করেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজও ড. ইউনূসকে সুবিধামতো সময়ে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানান।

Visited 116 times, 1 visit(s) today