লোডশেডিংয়ে বন্ধ আতিফ আসলামের কনসার্ট, ‘বিদ্যুত লীগের’ ষড়যন্ত্র, দাবি ভক্তদের

লোডশেডিংয়ে বন্ধ আতিফ আসলামের কনসার্ট, ‘বিদ্যুত লীগের’ ষড়যন্ত্র, দাবি ভক্তদের
শেয়ার করুন

লোডশেডিংয়ের কারণে পাকিস্তানি জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্ট বন্ধ রয়েছে।

শুক্রবার ২৯শে নভেম্বর রাতে আতিফ আসলাম স্টেজে ওঠার পর বন্ধ হওয়া কনসার্টে এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৯টা) সংগীত পরিবেশন শুরু হয়নি।

এদিকে, এভাবে পাকিস্তানসহ বহির্বিশ্বের সামনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার পেছনে ‘বিদ্যুতলীগের’ ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেন কনসার্ট উপভোগ করতে যাওয়া আতিফ আসলামের ভক্ত-অনুরাগীরা।

তাদের মতে, বিদ্যুৎ বিভাগের বিভিন্ন পর্যায়ে ঘাপটি মেরে থাকা পূর্বের সরকারের অনুসারীরা লোডশেডিং দিয়েছে কনসার্টে।

‘ম্যাজিকেল নাইট ২.০’ কনসার্টের মঞ্চে দর্শকদের গান শোনাতে শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে স্টেজে ওঠেন জনপ্রিয় সংগীত তারকা আতিফ আসলাম। রাজধানীর ঢাকায় আর্মি স্টেডিয়ামে কনসার্টের স্টেজে ওঠার পর সংগীত পরিবেশন শুরুর মাত্র ১০ সেকেন্ডের মাথায় বিদ্যুৎ চলে যায়।

এখন পর্যন্ত প্রিয় গায়কের গান শোনার অপেক্ষায় রয়েছেন ভক্তরা।

ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকেল নাইট ২.০’ কনসার্ট প্রসঙ্গে আয়োজক ট্রিপল টাইম কমিউনিকেশনের ম্যানেজিং ডিরেক্টর প্রীতম দে বলেন, এ কনসার্টের মূল আকর্ষণ আতিফ আসলাম। তিনি মঞ্চে দুই ঘণ্টা এবং অন্য তিন শিল্পী এক ঘণ্টা করে দর্শকদের গান শোনাবেন।

প্রীতম দে আরও বলেন, আতিফ আসলাম মঞ্চে উঠবেন রাত ৮টায়। তিনি ১০টা পর্যন্ত শ্রোতাদের গান শোনাবেন। দর্শকদের সাথে গানের এ আয়োজন উপভোগ করবেন কনসার্টের আয়োজক, স্পন্সর এবং বেশকিছু সেলিব্রেটি।

এর আগে ‘ম্যাজিকেল নাইট ২.০’ কনসার্টে অংশ নিতে বৃহস্পতিবার ২৮শে নভেম্বর বেলা সাড়ে ৩টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান আতিফ।

উল্লেখ্য, আতিফ আসলাম একজন পাকিস্তানি সংগীতশিল্পী হলেও ভারত ও বাংলাদেশে বেশ জনপ্রিয় তিনি। তার জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে ‘তু জানে না’, ‘তেরে বিন’,‘ও লামহে ও বাতে’,‘আদাত’, ‘তেরে সং ইয়ারা’ ইত্যাদি।

Visited 74 times, 1 visit(s) today