একদিনে দু’বার অলআউট, ঘরের মাঠে হোয়াইটওয়াশ টাইগাররা

একদিনে দু’বার অলআউট, ঘরের মাঠে হোয়াইটওয়াশ টাইগাররা
শেয়ার করুন

ক্রীড়া প্রতিবেদক:

একদিনে দু’বার অলআউট- এমন দৈন্য চেহারায় বাংলাদেশকে দেখা যাবে, নিজেদের মাঠে, সফররত অনভিজ্ঞ প্রোটিয়া টিমের কেউ হয়ত এতটাও ভাবেননি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামে সাদা পোশাকে বাংলাদেশের দৈন্যদশা করুণভাবে ফুটে উঠলো আরও একবার। দুই ইনিংসেই বিবর্ণ ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইনিংস ও ২৭৩ রানে হারলো বাংলাদেশ। নিজেদের উইকেট ও কন্ডিশনে প্রোটিয়াদের বিপক্ষে ন্যূনতম প্রতিরোধ গড়তে ব্যর্থ হয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হতে হলো নাজমুল হোসেন শান্তর দলকে।

এই হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার তলানিতে নেমেছে তারা।

চট্টগ্রাম টেস্টে প্রথম ৫ সেশনেরও বেশি সময় ব্যাটিং করেছে দক্ষিণ আফ্রিকা। এই সময়ে বোলাররা উইকেট থেকে বাড়তি কোনো সুবিধা পাননি। অনেকটা ওয়ানডে স্টাইলে ব্যাটিং করেছে প্রোটিয়ারা। অথচ সেই পিচে নেমেই টানা দুই ইনিংসে ব্যর্থ বাংলাদেশি ব্যাটাররা।

তাতেই ৩ দিনে শেষ চট্টগ্রাম টেস্ট। আর ঘরের মাঠে ইনিংস ব্যাবধানে হার টাইগারদের। সঙ্গে দুই ম্যাচের সিরিজে হতে হলো হোয়াইটওয়াশ।

টেস্টের প্রথম দিন টস জিতে ব্যাটিংয়ে নামে প্রোট্রিয়ারা। দ্বিতীয় দিনের শেষ সেশনে ৬ উইকেটে ৫৭৫ রানে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারীরা। দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে ৯ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৩৮ রান তোলে বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার ধারা অব্যাহত থাকে তৃতীয় দিনেও।

টাইগারদের প্রথম ইনিংস শেষ হয় ১৫৯ রানে। ৪১৬ রানে পিছিয়ে ফলোঅনে বাধ্য হয়ে দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হয় টাইগার ব্যাটাররা। দ্বিতীয় ইনিংস থামে ১৪৩ রানে। ম্যাচের দুদিন বাকি থাকতেই ইনিংস ও ২৭৩ রানের হার নিয়ে মাঠ ছাড়ে নাজমুল হোসেন শান্তর দল।

এর আগে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচেও মিরপুরে প্রোটিয়াদের কাছে হেরেছিল স্বাগতিকরা।

দ্বিতীয় টেস্টের সংক্ষিপ্ত স্কোর

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৪৩.৪ ওভারে ১৪৩/১০ (হাসান ৩৮*; সাদমান ৬, জয় ১১, মুমিনুল ০, জাকির ৭, মুশফিক ২, মিরাজ ৬, শান্ত ৩৬, তাইজুল ১, মাহিদুল ২৯, রানা ০)

প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৫.২ ওভারে ১৫৯/১০ (রানা ০*; সাদমান ০, জাকির ২, জয় ১০, হাসান ৩, শান্ত ৯, মুশফিক ০, মিরাজ ১, মাহিদুল ০, মুমিনুল ৮২, তাইজুল ৩০)

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকা ১৪৪.২ ওভারে ৫৭৭/৬ (মুথুসামি ৭০*, মুল্ডার ১০৫*; মারক্রাম ৩৩, স্টাবস ১০৬, বেডিংহ্যাম ৫৯, ডি জর্জি ১৭৭, ভেরেইন ০, রিকেলটন ১২)।

ফল: দক্ষিণ আফ্রিকা ইনিংস ও ২৭৩ রানে জয়ী।

Visited 9 times, 1 visit(s) today