ক্যান্সার রোগীর চিকিৎসার নামে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক আটক!

ক্যান্সার রোগীর চিকিৎসার নামে চাঁদাবাজি, ৩ সমন্বয়ক আটক!
শেয়ার করুন

জামালপুর প্রতিনিধি:

জামালপুরের সরিষাবাড়ীতে সমন্বয়ক পরিচয় দিয়ে ক্যান্সার রোগীর জীবন বাঁচানোর নাম করে চাঁদা তোলার সময় তিন শিক্ষার্থীকে আটক করেছে স্থানীয় জনতা।

আটককৃতরা হলেন- রিফাত হাসান, সিফাত মিয়া, এবং বৈশাখী খাতুন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯শে অক্টোবর) বিকেলে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের নরপাড়া এলাকায় তিন শিক্ষার্থী সমন্বয়ক পরিচয়ে অর্থ সংগ্রহ করছিলেন। সন্দেহ হলে এলাকাবাসী তাদের আটক করে। পরে যাচাইয়ের জন্য সরিষাবাড়ী পৌরসভা এলাকার ঝালুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

তদন্তে বেরিয়ে আসে, তারা প্রকৃতপক্ষে কোনো সংস্থার সাথে যুক্ত নন এবং অর্থ তোলার জন্য নিজেদের সমন্বয়ক পরিচয় ব্যবহার করেছেন।

আটককৃত সিফাত মিয়া ব্রাহ্মণজানি আলহাজ্ব ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রী কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী। রিফাত হাসান সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি সরর্বান হাসান টেকনিক্যাল এন্ড বিএম কলেজে প্রথম বর্ষে অধ্যয়নরত। বৈশাখী আক্তার সরিষাবাড়ী মাহমুদা সালাম মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

তারা জুলাইতে সরকারবিরোধী আন্দোলনের সময় সরাসরি রাজপথে অংশ নিয়েছিলেন বলে জানান।

জিজ্ঞাসাবাদে তারা আরও জানান, ময়মনসিংহ আনন্দমোহন কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আকুল মিয়া নামে এক ব্যক্তি তাদের সমন্বয়কের পরিচয় দিয়ে ক্যান্সার রোগীর নামে অর্থ সংগ্রহে উদ্বুদ্ধ করেছিলেন।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, তিন সমন্বয়কের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি। তবে তাদের কর্মকাণ্ড সন্দেহজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে তাদের থেকে ভবিষ্যতে এমন কাজ করবে না মর্মে মুচলেকা নেয়া হয়েছে এবং তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়রা বলেন, এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড শিক্ষার্থীদের প্রতি সাধারণ মানুষের সহানুভূতিকে বিনষ্ট করছে। আটককৃতদের এমন কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ ক্ষুব্ধ। ভবিষ্যতে এমন প্রতারণা রোধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার দাবি জানান তারা।

Visited 20 times, 1 visit(s) today