বাংলাদেশের বর্ডার আরাকান আর্মির দখলে: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)

বাংলাদেশের বর্ডার আরাকান আর্মির দখলে: স্বরাষ্ট্র উপদেষ্টা (ভিডিও)
শেয়ার করুন

সংবাদ প্রতিবেদন:

বাংলাদেশের সীমান্ত মোটামুটি আরাকান আর্মির দখলে চলে গেছে, মিয়ানমার আর্মি পিছু হটে গেছে। ওদের ওখানে যুদ্ধ হচ্ছে। তাই অনেকে পালিয়ে এদিকে চলে আসছে। প্রতিদিন রোহিঙ্গা দুই-চারজন করে আসতেছে। তাদের সংখ্যা বাড়ছে, আমরা আর কতদিন তাদের খাওয়ায় পরায় রাখব?

এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ মঙ্গলবার (২৯শে অক্টোবর) জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্কের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, মানবাধিকারসহ নানা বিষয় নিয়ে আমাদের আলোচনা হয়েছে। মানবাধিকার ইস্যুতে তারা আমাদের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন। আমরাও তাদের কাছে সহযোগিতা চেয়েছি। বর্তমান সরকার কী কী সংস্কার করছে সেগুলো তারা জানতে চেয়েছেন। আমরা তাদের সেগুলো জানিয়েছি, ভুক্তভোগী এবং সাক্ষীদের নিরাপত্তার বিষয়ে তারা আলোচনা করেছেন। তাদের এ বিষয় সমস্যা হবে না মর্মে আমরা নিশ্চিত করেছি।

গণমাধ্যমকে তিনি বলেন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের বাহিনীর সদস্য ভালো কাজ করে উল্লেখ করে তারা বেশ প্রশংসা করেছেন। বিভিন্ন দেশের শান্তিরক্ষী মিশনে বাহিনীর ছোটখাট সমস্যা থাকে। কিন্তু আমাদের পুলিশ, সেনাবাহিনী, বিমানবাহিনী বা কোনো বাহিনীর কোনো সমস্যা হয় না। এ বিষয়ে তারা আমাদের ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে পরবর্তীতে জনবল পাঠানোর ক্ষেত্রে দেখেশুনে পাঠানোর অনুরোধ জানিয়েছেন তিনি।

উপদেষ্টা আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে সবচেয়ে বেশি কথা হয়েছে। আমরা বলেছি আমাদেরই অনেক জনগণ এর ভিতর কীভাবে আমরা রোহিঙ্গাদের এতদিন রাখব? প্রতিদিন রোহিঙ্গা দুই-চারজন করে আসতেছে। তাদের সংখ্যা বাড়ছে, আমরা কতদিন তাদের খাওয়ায় পরায় রাখব? ফলে তারা যেন দ্রুত তাদের দেশে ফেরত যেতে পারে, সে ব্যাপারে সহযোগিতা চেয়েছি। এ ব্যাপারে তারা সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

রোহিঙ্গাদের খাওয়া-পরার জন্য আমাদের প্রচুর খরচ হচ্ছে জানিয়ে তিনি বলেন, এদের একটি অংশ অন্যদেশেও নিয়ে যাওয়ার কথা। কিন্তু সেটা করা যাচ্ছে না, একটি দেশ কিছু রোহিঙ্গাদের নিতে চেয়েছিল। কিন্তু তাদের সংখ্যা এত কম যে বলার মতো না।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং টিম আসছেন। তারা একটি রিপোর্ট দেবেন, তাদের রিপোর্টের ওপর ভিত্তি করে আমরা রোহিঙ্গাদের নিয়ে একটা সিদ্ধান্ত নেব বলেও জানান তিনি।

Visited 112 times, 1 visit(s) today