সরকারি কর্মকর্তা থেকে সাধারণ মানুষ- বিএনপির মবের শিকার সবাই

সরকারি কর্মকর্তা থেকে সাধারণ মানুষ- বিএনপির মবের শিকার সবাই
শেয়ার করুন

সংবিধান ও ফৌজদারি আইন লঙ্ঘনের অভিযোগ, নীরব সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী


❐ নিজস্ব প্রতিবেদক


সরকারি কর্মকর্তা থেকে শুরু করে আইনজীবী, ব্যবসায়ী কিংবা সাধারণ মানুষ—রাজনৈতিক পরিচয় ও সংশ্লিষ্টতার অভিযোগে একের পর এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিচ্ছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। কোথাও বাড়ি ঘেরাও করে তল্লাশি, কোথাও রাস্তায় আটকে জিজ্ঞাসাবাদ, আবার কোথাও প্রকাশ্যে মারধর ও অপমানের ঘটনা ঘটছে। এসব ঘটনায় অভিযোগের সত্যতা যাচাই কিংবা আইনি প্রক্রিয়া অনুসরণের আগেই চলছে একধরনের গণ-আটক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতির বাইরে রাজনৈতিক নেতাকর্মীদের এমন তৎপরতা নাগরিকের নিরাপত্তা এবং আইনের শাসন নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

সর্বশেষ গত বুধবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপপ্রেস সচিব কে এম শাখাওয়াত মুন, চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন এবং আয়কর আইনজীবী সুফি মো. আল মামুনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। ২৬ নভেম্বর রাত ১টার দিকে তাদের আটকের পর মারধরও করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শাখাওয়াত মুনকে ঘিরে জিজ্ঞাসাবাদ, চড় মারা এবং কান ধরতে বাধ্য করার দৃশ্য দেখা গেছে। সাবেক ডিসি ইলিয়াস হোসেনকেও পুলিশের গাড়িতে তোলার পর মারধর করতে দেখা যায়।

ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের ডিসেম্বরকেন্দ্রিক নাশকতার পরিকল্পনার তথ্য পেয়ে তারা ওই তিনজনকে আটক করেছেন। তবে তাদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশের। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম গণমাধ্যমকে বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে কী ধরনের আইনি ব্যবস্থা নেওয়া যায়, তা যাচাই করা হচ্ছে। অর্থাৎ আটকের সময় অভিযোগের বিচারিক সত্যতা প্রতিষ্ঠিত ছিল না।

এর আগেও রাজধানীতে একই ধরনের তৎপরতা চালিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। গত মঙ্গলবার রাতে পল্টন এলাকা থেকে লালবাগ থানার ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে আটক করেন তিনি ও তার অনুসারীরা। পরে সেদ্ধ ডিম, পানি ও কফি খাইয়ে তাকে পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনার ভিডিও নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন নয়ন। তার দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা করছিলেন জাভেদ দিদার। তবে অভিযোগের সত্যতা যাচাইয়ের দায়িত্ব পুলিশের।

এরপর বুধবার বিকেলে রাজধানীর গুলশানের ৪১ নম্বর সড়কের একটি বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগের নেতাকর্মী সন্দেহে ২০ জনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন নয়ন ও তার অনুসারীরা। বাড়িটির বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে লোকজনকে বের করে আনেন তারা। এ সময় বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশের দৃশ্যও ভিডিওতে দেখা যায়। আটক ব্যক্তিদের পাসপোর্ট, মুঠোফোন ও মানিব্যাগ পুলিশের কাছে বুঝিয়ে দেন নয়ন। গুলশান থানার ওসি আবু জায়েদ মোহাম্মদ নজমুন নূর গণমাধ্যমকে জানান, যুবদলের নেতাকর্মীরা তাদের আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে তাদের থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কিনা, তা যাচাই করা হচ্ছে।

একই ধারাবাহিকতায় যুবলীগের ওয়ার্ড পর্যায়ের নেতা পরিচয়ে রহমতুল্লাহ শান্ত নামের একজনকেও আটক করে পুলিশের হাতে তুলে দেন নয়ন। পুলিশের কাছে সোপর্দ করার আগে তাকে পনির ও পার্সিমন ফল খাওয়ানোর ভিডিও প্রকাশ করা হয়। এসব ঘটনায় নয়নের নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওগুলোই রাজনৈতিক নেতাকর্মীদের হাতে আটকের প্রবণতার দৃশ্যমান প্রমাণ হয়ে উঠেছে।

সংবিধানের মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক

রাজনৈতিক পরিচয় বা কোনো দলের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে কাউকে আটক, মারধর কিংবা জনসমক্ষে অপমান করার এসব ঘটনা সংবিধানের মৌলিক অধিকারের সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। সংবিধানের ২৭ অনুচ্ছেদে সব নাগরিকের আইনের দৃষ্টিতে সমতা এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকার নিশ্চিত করা হয়েছে। ৩১ অনুচ্ছেদে প্রত্যেক নাগরিকের আইন অনুযায়ী আচরণ পাওয়ার অধিকারকে অবিচ্ছেদ্য বলা হয়েছে। একই অনুচ্ছেদে স্পষ্ট করা হয়েছে, আইন অনুযায়ী ছাড়া কোনো ব্যক্তির জীবন, স্বাধীনতা, দেহ, সুনাম বা সম্পত্তির ক্ষতি করা যাবে না।

সংবিধানের ৩২ অনুচ্ছেদে আইনানুযায়ী ছাড়া কোনো ব্যক্তিকে জীবন ও ব্যক্তিস্বাধীনতা থেকে বঞ্চিত না করার নিশ্চয়তা রয়েছে। ৩৩ অনুচ্ছেদে গ্রেফতারের কারণ জানানো এবং আইনজীবীর সঙ্গে পরামর্শ ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ার সুরক্ষা রয়েছে। অন্যদিকে ৩৫ অনুচ্ছেদের ৩ উপধারায় স্বাধীন ও নিরপেক্ষ আদালতে বিচারের অধিকার এবং ৪ উপধারায় কাউকে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য না করার নিশ্চয়তা দেওয়া হয়েছে। একই অনুচ্ছেদের ৫ উপধারায় নির্যাতন এবং নিষ্ঠুর, অমানবিক বা মর্যাদাহানিকর আচরণ নিষিদ্ধ করা হয়েছে।

সুতরাং কাউকে ঘিরে ধরে জিজ্ঞাসাবাদ, মারধর, কান ধরতে বাধ্য করা কিংবা অপরাধ স্বীকারের জন্য চাপ সৃষ্টি করা এসব সাংবিধানিক অধিকারের গুরুতর প্রশ্ন তৈরি করে। বিশেষ করে শাখাওয়াত মুন ও ইলিয়াস হোসেনকে মারধরের ভিডিওতে যে আচরণ দেখা গেছে, তা সংবিধানের ৩৫(৫) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক বলে বিবেচিত হওয়ার অবকাশ রয়েছে।

শুধু ব্যক্তিস্বাধীনতাই নয়, গুলশানের বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালানোর ঘটনাও সংবিধানের ৪৩ অনুচ্ছেদের সঙ্গে সম্পর্কিত। এ অনুচ্ছেদে নাগরিকের গৃহে বেআইনি প্রবেশ, তল্লাশি ও জব্দ থেকে সুরক্ষার অধিকার নিশ্চিত করা হয়েছে। আইনসম্মত ক্ষমতা বা প্রক্রিয়া ছাড়া কোনো রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালানোর অধিকার নেই।

ফৌজদারি কার্যবিধিতেও নাগরিকের আটকের ক্ষমতা সীমিত

বাংলাদেশের ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৫৯ ধারায় কোনো সাধারণ ব্যক্তির গ্রেফতারের ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি তার সামনে জামিন অযোগ্য ও আমলযোগ্য অপরাধ সংঘটন করলে অথবা ঘোষিত অপরাধী হলে তাকে আটক করতে পারেন। তবে অযথা বিলম্ব না করে তাকে পুলিশ কর্মকর্তা বা নিকটস্থ থানায় হস্তান্তর করতে হবে।

অর্থাৎ রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্টতা, অতীতের রাজনৈতিক ভূমিকা কিংবা ভবিষ্যতে নাশকতা করতে পারেন—এমন সন্দেহের ভিত্তিতে কাউকে আটক করার সাধারণ ক্ষমতা এ ধারায় দেওয়া হয়নি। অপরাধ সংঘটনের প্রত্যক্ষ পরিস্থিতি কিংবা ঘোষিত অপরাধী হওয়ার মতো আইনি শর্ত পূরণ না হলে এ ধরনের আটকের বৈধতা নিয়ে প্রশ্ন উঠতে পারে।

এ ছাড়া দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৩৯ ও ৩৪০ ধারায় যথাক্রমে বেআইনি বাধা ও বেআইনি আটককে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। ৩৪১ ও ৩৪২ ধারায় বেআইনি বাধা এবং আটক করার শাস্তির বিধান রয়েছে। কাউকে ইচ্ছার বিরুদ্ধে আটকে রাখা, চলাচলে বাধা দেওয়া কিংবা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করার ঘটনায় পরিস্থিতি অনুযায়ী এসব ধারা প্রযোজ্য হতে পারে।

দণ্ডবিধির ৩৫০ ধারায় অপরাধমূলক বলপ্রয়োগের সংজ্ঞা এবং ৩৫১ ধারায় আক্রমণের সংজ্ঞা দেওয়া হয়েছে। ৩৫২ ধারায় এ ধরনের আক্রমণ বা অপরাধমূলক বলপ্রয়োগের শাস্তির বিধান রয়েছে। কাউকে অপমান করার উদ্দেশ্যে আক্রমণ বা বলপ্রয়োগ করা হলে ৩৫৫ ধারাও প্রযোজ্য হতে পারে। আর কোনো ব্যক্তিকে ভয়ভীতি দেখানো বা হুমকি দেওয়ার ঘটনায় ৫০৩ ও ৫০৬ ধারার বিষয়ও বিবেচনায় আসতে পারে।

সুতরাং আটকের পর মারধর, কান ধরতে বাধ্য করা, জনসমক্ষে অপমান করা এবং বাড়িতে অননুমোদিতভাবে প্রবেশের ঘটনাগুলো পৃথকভাবে তদন্তের দাবি রাখে। তবে কোন ঘটনায় কোন ধারা প্রযোজ্য হবে, তা নির্ভর করবে সুনির্দিষ্ট ঘটনা, সাক্ষ্য-প্রমাণ ও তদন্তের ওপর।

বিএনপির শীর্ষ পর্যায়ও স্বীকার করেছে সমস্যা

বিএনপির নেতাকর্মীদের এমন তৎপরতার বিষয়ে দলটির কেন্দ্রীয় পর্যায় থেকেও উদ্বেগের কথা জানা গেছে। গত ১৭ নভেম্বর প্রকাশিত দ্য ডেইলি স্টার-এর এক প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগসংশ্লিষ্ট সন্দেহে বিএনপির কিছু নেতাকর্মী নিজেরাই লোকজনকে আটক ও মারধর করছেন বলে দলের শীর্ষ পর্যায়ে অভিযোগ এসেছে। আট জেলার নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগসংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্রয় দেওয়া ও গ্রেফতার ব্যক্তিদের ছাড়িয়ে আনার চেষ্টার অভিযোগও পেয়েছে দলটি।

প্রতিবেদনটিতে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, সন্দেহভাজন ব্যক্তিদের আটক ও মারধর করে নিজেরাই আইন হাতে তুলে নেওয়ার ঘটনা বেআইনি এবং এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে। নেতাকর্মীদের এ ধরনের তৎপরতা থেকে বিরত থাকতে এবং সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে। এমনকি আওয়ামী লীগবিরোধী পাল্টা কর্মসূচি বা পাড়া-মহল্লায় পাহারা দেওয়ার পরিবর্তে পুলিশকে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ার কথাও বলা হয়েছে।

দলের কেন্দ্রীয় পর্যায় থেকে এমন নির্দেশনা দেওয়ার পরও রাজধানীতে একের পর এক আটকের ঘটনা ঘটছে। এতে দলীয় নির্দেশনার বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কার্যকারিতা নিয়েও প্রশ্ন উঠছে।

আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান আইজিপির

আইন নিজের হাতে তুলে না নেওয়ার বিষয়ে এর আগে সতর্ক করেছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরও। গত ২৬ অক্টোবর ঢাকার চকবাজারে একটি অনুষ্ঠানে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইন ও সংবিধান অনুযায়ী কাজ করবে। একই অনুষ্ঠানে সাধারণ মানুষকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান তিনি। তার বক্তব্য ছিল, শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় পুলিশের বিকল্প নেই।

কিন্তু আইজিপির এমন আহ্বানের পরও ক্ষমতাসীন দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে একের পর এক আটকের ঘটনা ঘটছে। এসব ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। কোনো রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা কাউকে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করলেই কি তাদের দায়িত্ব শেষ? আটকের সময় মারধর, অপমান কিংবা বেআইনি তল্লাশির ঘটনা ঘটলে সেগুলোর তদন্ত ও দায় নির্ধারণের দায়িত্বও পুলিশের।

সরকারের নীরবতায় বাড়ছে মবের ঝুঁকি

রাজনৈতিক পটপরিবর্তনের পর আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার, বিরোধীদের দমন-পীড়ন এবং আইনশৃঙ্খলা বাহিনীর দলীয় ব্যবহারের বিরুদ্ধে যে জনআকাঙ্ক্ষা তৈরি হয়েছিল, বর্তমান পরিস্থিতি সেই আকাঙ্ক্ষার বিপরীত চিত্র তুলে ধরছে। ক্ষমতার পালাবদলের পর নাগরিকের নিরাপত্তা ও আইনের সমান প্রয়োগ নিশ্চিত করাই ছিল নতুন সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। কিন্তু ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাতে আটকের এমন ধারাবাহিক ঘটনায় সেই দায়িত্ব পালনের সক্ষমতা নিয়েই প্রশ্ন উঠছে।

এ ধরনের ঘটনায় সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত দৃশ্যমান ও সুনির্দিষ্ট জবাবদিহির উদ্যোগের তথ্য পাওয়া যায়নি। পুলিশও মূলত আটকের পর ব্যক্তিদের থানায় নেওয়া এবং তাদের বিরুদ্ধে মামলা আছে কিনা, তা যাচাইয়ের কথা বলছে। কিন্তু আটকের আগে ও পরে তাদের ওপর নির্যাতন, অপমান এবং ব্যক্তিগত পরিসরে অননুমোদিত প্রবেশের অভিযোগ নিয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট বক্তব্য প্রয়োজন।

অপরাধের অভিযোগ থাকলে পুলিশকে তথ্য দেওয়া, তদন্তে সহযোগিতা করা এবং আইনি প্রক্রিয়ায় অপরাধীদের বিচারের মুখোমুখি করাই রাজনৈতিক দলের নেতাকর্মীদের দায়িত্ব। কিন্তু কাউকে আটক, জিজ্ঞাসাবাদ কিংবা শাস্তি দেওয়ার ক্ষমতা তাদের নেই। রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে কাউকে অপরাধী বিবেচনা করে প্রকাশ্যে হেনস্তা করার সুযোগ তৈরি হলে তা একদিকে যেমন ব্যক্তির মৌলিক অধিকার ক্ষুণ্ন করে, অন্যদিকে রাষ্ট্রের আইন প্রয়োগের কর্তৃত্বকেও প্রশ্নবিদ্ধ করে।

Visited 12 times, 1 visit(s) today