প্রধানমন্ত্রীর নিরাপত্তা মহড়ার মধ্যে উপস্থাপিকার ব্যাগ চুরি

প্রধানমন্ত্রীর নিরাপত্তা মহড়ার মধ্যে উপস্থাপিকার ব্যাগ চুরি
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


রাজধানীর পুরোনো বাণিজ্য মেলার মাঠে প্রধানমন্ত্রীর নিরাপত্তা মহড়ার মধ্যে এক উপস্থাপিকার ব্যাগ চুরির ঘটনা ঘটেছে।

বুধবার বিকেলে সাদিয়া আফরীন নামের ওই উপস্থাপিকার ব্যাগটি চুরি হয়। এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

জিডি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পুরোনো বাণিজ্য মেলার মাঠে প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে মহড়ায় অংশ নিতে বুধবার মাঠে যান ৪১ বছর বয়সী সাদিয়া আফরীন।

মহড়ায় অংশ নেওয়ার সময় তিনি নিজের ব্যাগটি পাশে রেখে যান। বিকেল চারটার দিকে ফিরে এসে দেখেন, ব্যাগটি আর সেখানে নেই। পরে আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সেটি পাননি।

চুরি হওয়া ব্যাগে এয়ারপড, ব্র্যাক ব্যাংকের দুটি ক্রেডিট কার্ড ও একটি ডেবিট কার্ড, সিটি ব্যাংকের একটি ক্রেডিট কার্ড ও একটি ডেবিট কার্ড এবং ইস্টার্ন ব্যাংকের (ইবিএল) একটি ক্রেডিট কার্ড ও একটি ডেবিট কার্ড ছিল।

এ ছাড়া ব্যাগে তাঁর নিজের ও স্বামীর জাতীয় পরিচয়পত্র এবং নগদ টাকা ছিল।

ব্যাগটি খুঁজে না পেয়ে পরে শেরেবাংলা নগর থানায় জিডি করেন সাদিয়া আফরীন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) ও তদন্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ্-আল-মামুন বলেন, ‘ব্যাগ চুরির একটি ঘটনা ঘটেছে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’

Visited 32 times, 18 visit(s) today