নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে সবজির বাজার। দু-একদিন দাম কম থাকলে পরক্ষণেই আবার বেড়ে যায়। দুই সপ্তাহের ব্যবধানে সবজির দাম আরও বেড়ে গেছে। কেজি প্রতি সব সবজির দাম বাড়ছে। যে গাজর ৭০-৮০ টাকা কেজি ছিল, সেটি এখন ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত শুক্রবার থেকে সবজির দাম বাড়তে থাকে। এখনও তা অব্যাহত রয়েছে।
বাজার করতে আসা বেসরকারি প্রতিষ্ঠানের স্বল্পবেতনের কর্মচারী মো. জামাল বলেন, মূল্যবৃদ্ধির এ প্রতিযোগীতায় টিকে থাকা কঠিন হয়ে পড়ছে। মাছ মাংসের বাজারে যে আগুন সেখানে তো যেতেই পারি না, এখন আবার সবজির বাজারেও আগুন লাগছে। আমাদের এখন ডিম আলুর ওপরই নির্ভর করতে হয়।
আজ বুধবার, ২৫শে নভেম্বর রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, আলু ৩০, পটল ৭০-৮০, বেগুন প্রকার ভেদে ১০০-১৫০, সিম ১০০-২০০, ভেন্ডি ১০০, টমেটো ১৮০, পেঁপে ৩৫, করলা ১০০, বরবটি ৮০, ঝিঙা ১০০, চিচিঙ্গা ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ দেশি ২০০ ও হাইব্রিড ১২০ টাকা কেজি। শসা ১২০-১৩০ এবং গাঁজর ১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত কিছুদিন আগেও এই সবজিগুলোর দাম ২০-৫০ টাকা কেজিতে কম ছিল।
এদিকে আজ প্রতি পিস ফুলকপি ৬০-৭০ ও বাঁধকপি ৪০-৫০ টাকা, লাউ ৭০- ৮০, কাঁচা কলা ৪০ টাকা প্রতি হালি, লালশাক প্রতি আঁটি ১৫, কলমিশাক ২০, পুঁইশাক ৩০ টাকা। ডিমের মধ্যে লাল ডিম ১৩৫- ১৪০, সাদা ডিম ১২০ টাকা ডজন বিক্রি হচ্ছে।
রুই মাছ ৪০০ টাকা থেকে শুরু ৫২০ টাকা পর্যন্ত। ছোট মলা, চিংড়িসহ অন্যান্য মাছের দাম কেজিতে ৫০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। গরুর মাংস ৮২০ টাকা কেজি, খাসির মাংস ১২০০ টাকা; ব্রয়লার কেজি প্রতি ১৯০, কক ৩৩০, দেশি মুরগি ৬৬০ টাকা।
বনশ্রীর মেরাদিয়া বাজারে আসা ক্রেতা আব্দুর রব বলেন, গরিবের জন্য বাজার কঠিন হয়ে পড়ছে। গরিবদের জন্য মাছ মাংস খাওয়া এখন কঠিন ব্যাপার। একদিন মাছ মাংস খেতে চাইলে একমাস আগে থেকে টাকা জমাতে হয়।
তিনি বলেন, ‘আমরা ডিম ভাজি আর সবজি দিয়ে যে খাবো তাও তো বন্ধ হওয়ার পথে। সবজির দাম বাড়ছে। ডিম তো প্রায় ১৫০ টাকা ডজনের মতো। ৫০০ টাকা বাজারে নিয়ে এলে এক ডজন ডিম আর দু-একটা সবজি কিনলেই শেষ। আমাদের তো গরিব মানুষরা কী খাবো তাহলে।’
একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে কাজ করা বিকাশ ধর বলেন, ‘মাছ মাংসের বাজারে এখন আর আমাদের মতো মানুষ যেতে পারে না। সপ্তাহে তো দূরের কথা মাসেও একবার যাওয়া কঠিন হয়ে পড়ে। মাছ-মাংস জোটে না। ঘুরে ফিরে ডিম আর আলু খাওয়া পড়ছে।’
তিনি বলেন, ‘আমাদের আর কিছু বলার নেই। আমাদের আয় কম, সেই হিসেবে আমাদের এভাবেই বাঁচতে হবে।’
অজন্তা রহমান নামের এক গৃহিনী বলেন, ‘কয়েকদিন আমরা সবজিটা ঠিকঠাকভাবেই কিনছিলাম। কিন্তু আবারও বাড়া শুরু করেছে। কাঁচা মরিজ ১০০ টাকার মধ্যে ছিল সেটি এখন ২০০ টাকা হয়ে গেছে। বেগুন, সিমের একই অবস্থা। গাঁজর ও শসার দামও বেড়ে গেছে। এখন আসলে আমরা যাবো কোথায়।’
তিনি বলেন, ‘আমাদের এখন আয়ের সঙ্গে ব্যায়ের কোনও কুলকিনারা নেই। এভাবেই আমরা চলছি।’
মেরাদিয়া বাজারের সবজি বিক্রেতা ফজলুর রহমান বলেন, ‘সবজির বাজার এখন একটু বাড়তির দিকে। আমরাই বেশি দামে কিনছি। এখন তো আসলে আমাদেরও কিছু করার নেই।’
তিনি বলেন, ‘সবজির সরবরাহ কম। পাশাপাশি দুই দিন বৃষ্টি, যার কারণে পাইকারী বাজারে দাম বেশি। আবার সরবরাহ বাড়লে দাম কমে আসবে।’
আরেক বিক্রেতা মোমিনুর রহমান বলেন, ‘গত কয়েকদিনের চেয়ে দাম কিছুটা বেড়েছে। কাঁচা সবজির দাম এ রকমই হয়। সরবরাহ বাড়লে আবার কমে আসবে।’
মাছ ব্যবসায়ী রুহুল কবির রিজভী বলেন, ‘মাছের বাজার একটু চড়া। দাম বাড়তির দিকে। তেলাপিয়া, পাঙাস, ছোট রুই- এগুলো ৩২০-৩৫০ টাকা কেজি। আসলে কোনও মাছের দামই ওইভাবে কমতির দিকে নেই।’
