❐ নিজস্ব প্রতিবেদক
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর উদ্যোগে মিরপুরে মেট্রোরেলের খাম্বায় উদ্বোধন করা হয়েছে ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ শীর্ষক ক্যাম্পেইন। নগরবাসীর অংশগ্রহণে মিরপুরের মেট্রোরেল খাম্বাগুলোতে জুলাই গ্রাফিতি অঙ্কনের মাধ্যমে নগরকে সাজিয়ে তোলা হবে বলা জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
শুক্রবার (৯ অক্টোবর) এ কার্যক্রমের উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম।
ডিএনসিসি জানিয়েছে, মিরপুরের মেট্রোরেলের খাম্বাগুলোতে নতুন করে জুলাই গ্রাফিতি আঁকার জন্য ‘লেটস রিমেক জুলাই গ্রাফিতি’ নামে ক্যাম্পেইন শুরু হয়েছে। এতে নগরবাসীকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে এবং অংশগ্রহণকারীদের রঙ, ব্রাশসহ প্রয়োজনীয় সামগ্রী সিটি কর্পোরেশনই সরবরাহ করবে।
উদ্বোধন অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক বলেন, আমি সেদিন ঘোষণা দিয়েছিলাম, ৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের খাম্বায়র পোস্টার অপসারণের। আল্লাহর অশেষ রহমতে আমাদের স্থানীয় নেতৃবৃন্দ, বিশেষ করে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলের নেতৃবৃন্দের সহযোগিতায় ৭২ ঘণ্টার আগেই এগুলো করতে পেরেছি।
পরে আরেকটা ঘোষণা দিয়েছিলাম, বাংলাদেশের ইতিহাস রচনার জন্য যারা মারা গেছেন, সহযোগিতা করেছেন; মানুষের মণিকোঠায় সবসময় যাতে তাদের জায়গায় দেওয়া যায়, সে জন্য জুলাইয়ের গ্রাফিতিগুলো মেট্রোলের খাম্বায় প্রতিস্থাপন করবো। এ কারণে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি।
তিনি বলেন, খালেদা জিয়া সব রাজনৈতিক দল ও বিরোধীদলের মণিকোঠায় আছেন। এই জুলাই সৃষ্টির পেছনে তার অবদান সবচেয়ে বেশি। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, তার ছবিও মেট্রোরেলের খাম্বায় সংযুক্ত করবো। জুলাইয়ে যারা নেতৃত্ব দিয়েছেন, ছাত্রদলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দর ছবি আমরা খাম্বায় গ্রাফিতির মাধ্যমে অঙ্কন করবো।
আমরা এটা নিয়ে রাজনীতি করবো না। যাদের যতটুকু অবদান ইতিহাসের পাতায় লিখে রাখার জন্য গ্রাফিতি অঙ্কন করবো, বলেন তিনি।
