শৈলকূপায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধন! ৪ বেকার যুবকের সাড়ে চার লাখ টাকার ক্ষতি

শৈলকূপায় পুকুরে বিষ ঢেলে মাছ নিধন! ৪ বেকার যুবকের সাড়ে চার লাখ টাকার ক্ষতি
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


ঝিনাইদহের শৈলকূপায় রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে ৪ বেকার যুবকের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন গুঁড়িয়ে দিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। এতে পুকুরে ভেসে উঠেছে বিভিন্ন প্রজাতির আনুমানিক ৮০ থেকে ৯০ মণ মাছ। এতে প্রায় সাড়ে চার লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ভুক্তভোগী যুবকেরা।

ঘটনাটি ঘটেছে শৈলকূপা উপজেলার ১ নম্বর ত্রিবেনী ইউনিয়নের রামজয়পুর গ্রামে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, বেকারত্ব দূর করে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে রামজয়পুর গ্রামের চার যুবক প্রায় ৫-৬ মাস আগে ১ লাখ টাকা দিয়ে একটি বড় আয়তনের পুকুর লিজ নেন। এরপর সঞ্চয় ও ধারদেনা করে আরও প্রায় ৩ লাখ টাকা বিনিয়োগ করে রুই, কাতলা, সিলভার কার্পসহ ৭ থেকে ৮টি প্রজাতির মাছের পোনা ছাড়েন। দিনরাত হাড়ভাঙা খাটুনি ও পরিচর্যা শেষে মাছগুলো বিক্রি উপযোগী হয়ে উঠেছিল।

১৬ই সেপ্টেম্বর, বুধবার সকালে লোক মারফত খবর পেয়ে পুকুরে গিয়ে যুবকেরা দেখতে পান, পুকুরের সমস্ত মাছ মরে ভেসে রয়েছে এবং পানি থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছে। খবরটি ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের মানুষ পুকুরপাড়ে ভিড় জমান। মর্মান্তিক এই দৃশ্য দেখে উপস্থিত সবার চোখেই জল চলে আসে।

কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী যুবকেরা জানান, “অনেক কষ্ট ও ঋণ করে আমরা চারজন এই প্রজেক্ট শুরু করেছিলাম। ভেবেছিলাম মাছ বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করে নিজেরা ঘুরে দাঁড়াব। কিন্তু দুর্বৃত্তদের বিষ প্রয়োগে আমাদের সেই স্বপ্ন এক রাতেই শেষ হয়ে গেল। আমরা এখন নিঃস্ব, কীভাবে এই ঋণের বোঝা পরিশোধ করব বুঝতে পারছি না।”

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের শনাক্ত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য ও পুলিশ প্রশাসন জানায়, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এটি অত্যন্ত নৃশংস ও নিন্দনীয় অপরাধ। লিখিত অভিযোগ পাওয়ার ভিত্তিতে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Visited 2 times, 1 visit(s) today